খুঁজুন
                               
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩
           

দুর্গম পাহাড়ে সৈনিকদের সঙ্গে সেনাপ্রধানের ‘তৃতীয় ঈদ’, চাঙ্গা ও উর্ধ্বমুখী আত্মবিশ্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ
দুর্গম পাহাড়ে সৈনিকদের সঙ্গে সেনাপ্রধানের ‘তৃতীয় ঈদ’, চাঙ্গা ও উর্ধ্বমুখী আত্মবিশ্বাস

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে তিনিই প্রথম সেনাপ্রধান। যিনি দুর্গম পাহাড়ি অঞ্চলে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শনের বিরল উদ্যোগ গ্রহণ করেন। নিজ বাহিনীকে তিনি দেখেন একটি পরিবার হিসেবেই। এই পরিবারের সদস্য হিসেবে স্বভাবতই সবচেয়ে বেশি কষ্ট করেন সৈনিকরা।

দুর্গম পাহাড়ে মৃত্যুকে হাতের মুঠোয় ধ্রুব সত্য জেনেও এসব সৈনিকদের চোখজোড়া স্বপ্ন আর বুকে দৃঢ় প্রত্যয়। তাঁরা যোদ্ধা এবং শান্তির প্রবক্তা। সবাই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলেও তাদের ঈদের দিন পার হয় দিন-রাত কাজের মধ্য দিয়েই। দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে নাড়ির টানে ঈদ উৎসবে বাড়ি ফেরা হয় না। ঈদ কাটে কর্মস্থলে। তাদের কাছে এ উৎসব অন্য দশটা দিনের মতোই। দায়িত্বশীল একেকজন সেনা সদস্য ছড়িয়ে দেন নিজের কর্মের দ্যুতি।

শান্তি-শৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তা এবং আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে অসামান্য অবদান রাখা এসব সৈনিকদের সঙ্গে আবারও ঈদ আনন্দ ভাগাভাগি করে প্রচলিত চিত্রই পাল্টে দিয়ে নতুন এক দৃষ্টান্তই স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি কথাও বলেছেন একজন অভিভাবকের মতোই।

ঈদের সকালে খাওয়া হয়েছে কীনা, পরিবারের সঙ্গে যোগাযোগ বা কোন রকমের অসুবিধা রয়েছে কীনা-সবকিছুই তিনি জেনেছেন যেন পরম নির্ভরতার প্রতীক হয়েই। প্রিয়জনের সান্নিধ্য বঞ্চিত হলেও সৈনিকদের মনের দু:খবোধ মুহুর্তেই উবে যায় তাদের দুয়ারে সেনাপ্রধানের সরাসরি উপস্থিতিতে। খুশির বারতার দিনটিতে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র অভিভাবকত্ব দুর্গম পাহাড়ে নিজ বাহিনীর সৈনিকদের মনোবল চাঙ্গা ও আত্মবিশ্বাসের পারদকে করেছে উর্ধ্বমুখী। নিজ বাহিনী প্রধানের সঙ্গে ‘সরাসরি সংযোগ’ মাঠের সৈনিকদের মননে স্নেহময় সুনিবিড় ছায়ার মতোন রেখাপাত করছে যেন!

এসব ঘটনাপ্রবাহ শনিবারের (২২ এপ্রিল)। কাজের মধ্যেই ঈদ আনন্দ খুঁজে পাওয়া সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এদিন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। দু’ক্যাম্পেই রোপণ করেন গাছের চারা।

শুধু তাই নয়, সেনাপ্রধানের আপত্য স্নেহ-মমতার চিরন্তন বন্ধন স্মরণ করিয়ে দিলো যারা পরিবারের ভেতর সবচেয়ে বেশি কষ্ট করে ‘অভিভাবক’ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর মানবিকতার নান্দনিক বৈভাষিক রূপে অনুভবনীয় মহিমায় তাদের সামগ্রিক খোঁজ খবর নেওয়া। ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করা। নব প্রাণের সলতে জ্বালিয়ে নির্মল আনন্দের ফোঁয়ারায় মুহুর্তেই সেনাপ্রধান ভুলিয়ে দেন স্বজন থেকে দূরে থাকার ওদের সব কষ্ট।

সেনাপ্রধান স্থানীয় জনসাধারণের হাতে হাতে তুলে দেন ঈদ উপহারও। নিখাদ আনন্দঘন এমন মুহুর্তে রীতিমতো উচ্ছ্বসিত সেনা সদস্যরাও। তৃণমূলের সৈনিকদের মনোবল বৃদ্ধিতে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তির সান্নিধ্য দায়িত্ব পালনে তাদের যেন আরও আন্তরিক ও উৎসাহিত করে তুলেছে।

এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা; জেসিও; অন্যান্য পদবীর সৈনিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সকল স্তরের সেনাসদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

জানা যায়, সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল ড. এস এম শফিউদ্দিন এর আগে ২০২১ সালের বুধবার (২১ জুলাই) পার্বত্য চট্টগ্রামের দুই সেনা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে সৈনিকদের সঙ্গে নিজের প্রথম ঈদ উদযাপন করেছিলেন। গত বছরের রোববার (১০ জুলাই) ফের ঈদ আনন্দ ভাগাভাগির মাধ্যমে তিনি আনন্দময় করে তুলেন তাদের ঈদও।

দীর্ঘ বর্ণাঢ্য চাকরি জীবনে জেনারেল এস এম শফিউদ্দিন এক সময় পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশন এলাকায় একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কমান্ড নিযুক্তিতে অধিষ্ঠিত ছিলেন। ফলত পার্বত্য অঞ্চলে সেনাদের প্রতিটি ক্ষণের কঠিন ও চ্যালেঞ্জিং দায়িত্বের বাস্তব অভিজ্ঞতা রয়েছে দেশের এই ১৭ তম সেনাপ্রধানের।

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তিনি জানান সৈনিকদেরও। ঈদের পবিত্র দিনে সৈনিকদের পাশে এসে দাঁড়াতে পেরে তিনি নিজেও খুব আনন্দিত। বাহিনী প্রধানের সদর্প উপস্থিতি লড়াকু সেনারা আরও উজ্জীবিত এবং বলীয়ান হয়েছেন দ্বিগুণ প্রাণশক্তিতে।

নিজের দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্যে দেশপ্রেমিক সেনা সদস্যদের ভেতরে স্বপ্ন দেখা ও সফল করার স্পৃহাও জুগিয়েছেন সেনাপ্রধান। কালের আয়নায় দেদীপ্যমান করেছেন নিজের দায়িত্ববোধকে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকাসহ সকল সেনানিবাসে যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২২ এপ্রিল) ঈদ-উল-ফিতর পালিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কালের আলো/এমএএএমকে

শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনির শিকার দুইজন ঘটনাস্থলেই মারা যান। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, বনপারিল এলাকা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে গণপিটুনি দিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার পর রাতে তার মরদেহ ভুট্টাক্ষেতে পাওয়া যায়। পরে সন্দেহভাজন তিনজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা, এতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

কালের আলো/এসআর/এএএন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছি। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

কালের আলো/এসএকে

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শুক্রবার পাঁচটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবারও দলীয় ফরম গ্রহণকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সাক্ষাৎকার কার্যক্রমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। মনোনয়ন প্রক্রিয়ায় অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলার আসামি এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতাও বিবেচনায় রাখা হবে।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। দলীয় বণ্টন অনুযায়ী বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ