খুঁজুন
                               
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ, ১৪৩৩
           

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সুচিন্তিত বক্তব্যে বেড়েছে আস্থা-বিশ্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সুচিন্তিত বক্তব্যে বেড়েছে আস্থা-বিশ্বাস

Oplus_0

এম.আব্দুল্লাহ আল মামুন খান, সম্পাদক:

ক্ষমতা কারও চিরস্থায়ী জমিদারি নয়। ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থানে শেখ হাসিনার রেজিমের অবসানের পর চিরন্তন এই সত্য আবারও মোটাদাগে প্রতীয়মান হয়েছে। দেশের মানুষের বিপুল প্রত্যাশার মাঝে গত ৮ আগস্ট তিন দিনের শুন্যতা কাটিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ সময় অপরাজনীতির যাঁতাকলে পিষ্ট দেশের মানুষের স্বপ্নপূরণের পথে শুরু হয় নবযাত্রা। পরবর্তী নির্বাচনের জন্য যুক্তিসঙ্গত সময় চেয়ে তাদের অদম্য পথযাত্রা রাজনীতির আকাশে ঘন কালো মেঘ সরিয়ে উন্মুক্ত করেছে সম্ভাবনার নতুন দিগন্ত।

জাতিকে একতাবদ্ধ করে গণতন্ত্র উত্তরণে নিজের আন্তরিকতা, সক্রিয়তা, উপযোগিতা, মনোবল ও সৃজনশীলতা বজায় রেখে জাতির কাণ্ডারি ড.ইউনূস কাজ করে চলেছেন প্রতিনিয়ত। এক্ষেত্রে তাকে পূর্ণ সহযোগিতা করছেন জেনারেল ওয়াকার-উজ-জামান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি দৃঢ়চিত্তে বারবার বলেছেন, কোন অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাঁরা এক সঙ্গে থাকলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ড.ইউনূস যেন সফলভাবে তাঁর মিশন সম্পন্ন করতে পারেন সেজন্য তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের মিলিত প্রয়াস প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপহার দিতে গণতান্ত্রিক সংস্কৃতিকে সুন্দর ও কলুষিত মুক্ত করার পথ দেখাচ্ছে।

একটি দেশে গণতন্ত্রের মূল কথা হলো, জনগণের প্রতিনিধি নির্বাচন বা বাছাইয়ের অবাধ স্বাধীনতা। আর বাংলাদেশের গণতন্ত্রের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে- জনগণের দ্বারা ‘আমাদের’ জন্য ‘আমাদের’ শাসন। কিন্তু চিরায়ত এই প্রথা ভেঙে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যেই অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিজের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান দিয়েছেন ড.ইউনূস। এতে আশাবাদী দেশের রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

তবে প্রয়োজনীয় সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান বিভিন্ন দলগুলোর নীতিনির্ধারকরা। সম্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর দেওয়া বক্তব্যে আশ্বস্তও হয়েছেন তাঁরা। নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছেন সবাই। বিশেষ করে বাংলাদেশের পুনর্জন্ম এবং পুনরারম্ভে তাদের পৃথক পৃথক দায়িত্বশীল ও সুচিন্তিত শব্দচয়ন মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। আস্থা ও বিশ্বাস বাড়িয়েছে বহুগুণে।

অন্তর্বর্তী  সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে একটি ন্যুনতম ধারণা মিলেছে। নিউইয়র্কে গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে কোনো পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকারের কথা জানান। ওই সাক্ষাৎকারে তিনি ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের এ বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট আভাস পাওয়ায় উচ্ছ্বসিত রাজনীতিকরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেছেন, ‘দেশের দুই শীর্ষ পর্যায়ের ব্যক্তি কথার মধ্যে তেমন একটা তফাত নেই। আমরাও বলে আসছি প্রয়োজনীয় সংস্কার আগে, নির্বাচন পরে। কারণ, যেনতেন কায়দায় নির্বাচন হলে তা ভালো ফল বয়ে আনবে না। এজন্য সংস্কারে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাই।’

একই রকম কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের বক্তব্যে দেশবাসী আশ্বস্ত হয়েছে। নির্বাচনের জন্য এক থেকে দেড় বছর লাগবে বা সময়টা কী হবে, তা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ-আলোচনার ভিত্তিতে নির্ধারণ জরুরি। নির্বাচন কমিশনই এখন পর্যন্ত গঠিত হয়নি। নির্বাচনি ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তনসহ অনেক গণতান্ত্রিক সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই কাজগুলো করার সঙ্গে নির্বাচন করাটা জড়িত।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গত ৫ আগস্টের পর দেশে যে ক্রাইসিস, সেখানে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমাদের সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন, ১৮ মাসের মধ্যে নির্বাচন যাতে হতে পারে, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। কতদিন লাগতে পারে, কী হতে পারে-এসব প্রশ্ন কাজ করছিল, সেখানে একটা গাইডলাইন পেয়েছি। আর প্রধান উপদেষ্টার বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখি। নির্দিষ্ট তারিখটা কবে হবে, সেজন্য কিছু হোমওয়ার্ক আছে, কিছু সংস্কার আছে-এসব গুরুত্বপূর্ণ। ভোটার হালনাগাদ খুব একটা কঠিন ব্যাপার না। কারণ, সব ডিজিটালাইজড। আমার মনে হয় দেড় বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারিখ তো সরকারই দেবে, নির্বাচন কমিশনই দেবে। নতুন নির্বাচন কমিশনও তো নিতে হবে। কিছু কাজ তো আছেই।’

গণতন্ত্রের সার কথা হলো সমঝোতা, আলোচনা এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। পতিত সরকারের রাজনৈতিক নেতৃত্ব কখনোই এসব বিষয়কে আমলে নেননি। জনগণ যাকে পছন্দ করবে, ভোট দেবে, তাঁরাই নির্বাচিত হবে, এ তত্ত্বের বিপরীতে পথ হেঁটে গণতান্ত্রিক ব্যবস্থাটিকেই অকার্যকর ও অপাঙেক্তয় করে ফেলেছেন। উদগ্র ক্ষমতালিপ্সায় তাঁরা উল্টে দেন গণতন্ত্রের মহান স্বপ্ন। ‘রাষ্ট্রের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়’তে পরিণত হয় সেই সময়। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্ষমতার প্রতাপ, শক্তির দম্ভ ও অহমিকায় বিশ্বাসী নন। তাদের কাছে গণতন্ত্র মানেই সহযোগিতার, সৌহার্দ্যের—তাঁরা এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।

আর এ কারণেই সম্ভবত দেশপ্রেমিক সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য চান সেনাপ্রধান। বর্তমান সঙ্কটময় মুহুর্তে দেশের ভালো-মন্দ, মঙ্গল-অমঙ্গল দেশের এই দু’শীর্ষ ব্যক্তির ওপর অনেকটাই নির্ভর করছে। তাদের বিচার-বিবেচনা, যুক্তিবাদিতা, দায়িত্বশীলতা ও দূরদর্শিতায় সুদৃঢ় হতে পারে রাষ্ট্রের ভিত্তি। সেই লক্ষ্যপূরণেই তাঁরা কাজ করছেন এবং সফলও হবেন বলেই মনে করেন বিশ্লেষকরা। দেশের রাজনীতিকদের সহযোগিতায় তাদের বিচার-বিবেচনা, যুক্তিবাদিতা, দায়িত্বশীলতা ও দূরদর্শিতায় সুদৃঢ় হতে পারে রাষ্ট্রের ভিত্তি। সেই লক্ষ্যপূরণেই তাঁরা কাজ করছেন এবং সফলও হবেন বলেই মনে করেন বিশ্লেষকরা।

কালের আলো/এমএএএমকে

দেশের সংস্কৃতিতে নব দিগন্তের সূচনা হবে : প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
দেশের সংস্কৃতিতে নব দিগন্তের সূচনা হবে : প্রতিমন্ত্রী খৈয়ম

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশের সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতিতে একটা নব দিগন্তের সূচনা হবে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা গোটা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে অনেক বেশি বেগবান করে তোলার জন্য কাজ করছি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের অনেক বেশি উন্নত ও সুস্থ সংস্কৃতিক ধারা গড়ে তুলতে হবে। একটা অসুস্থ সংস্কৃতির ধারা চলছে গোটা বাংলাদেশ ধরে। এখান থেকে আমাদের অবশ্যই বের করে নিয়ে আসতে হবে বাঙালির ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে। বাঙালির এই ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে সুস্থ ও সাবলীল ধারায় ফিরিয়ে আনার জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা আগামী বছর ইনশাআল্লাহ অন্যরকম একটা পহেলা বৈশাখ পালন করবো। প্রতি বছরই রাজবাড়ীতে সংস্কৃতিক কার্যক্রম অব্যহত থাকবে, আমরা সেই চেষ্টা করবো।

এর আগে বেলুন উড়িয়ে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

জানা গেছে, দ্বিতীয়বারের মতো রাজবাড়ীর ৪২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একত্র হয়ে বৈশাখ উদযাপনের আয়োজন করেছে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে তারা। পরে নববর্ষের গান হয়। গান, কবিতা আবৃত্তি, নৃত্য নাটিকা, আদিবাসী সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে।

কালের আলো/এসএকে

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

কৃষক কার্ডের উদ্বোধনের জন্য টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সড়কপথে তিনি শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান। পরে সকাল ১১টা ২২ মিনিটে তিনি কৃষক কার্ড বিতরণের মঞ্চে ওঠেন।

কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কৃষক কার্ডের উদ্বোধন করবেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন ও গাছের চারা তুলে দিবেন।

এসময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ৯টি উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করবেন৷

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।

এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ বইছে। এছাড়াও কৃষকরাও আনন্দিত। অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তুত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হয়েছে।

কালের আলো/এসআর/এএএন

অভিনেত্রীর বাড়িতে বোমা মারার হুমকি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অভিনেত্রীর বাড়িতে বোমা মারার হুমকি!

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে আসা একের পর এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়।

ইমেইলগুলোতে দাবি করা হয়, অভিনেত্রীর বাড়িতে শক্তিশালী বোমা রাখা হয়েছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। খবরটি জানাজানি হওয়ার পর তৃষার ভক্ত ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তৃষার চেন্নাইয়ের বাড়িতে পৌঁছায় পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) একটি বিশেষ দল। সঙ্গে নেওয়া হয় স্নিফার ডগ।

পুরো বাড়ি এবং এর আশপাশ এলাকায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পর সেখানে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত করে যে, এটি একটি ভুয়া হুমকি বা ‘হকস’ কল ছিল।

তৃষার ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। পুলিশ রেকর্ডে দেখা গেছে, ২০২৫ সালের ২ অক্টোবর রাতেও ঠিক একইভাবে অভিনেত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

একই অভিনেত্রীকে বারবার কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন খোদ পুলিশ প্রশাসনও। কে বা কারা এই ইমেইল পাঠাচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে।

হুমকি এবং আতঙ্ক একদিকে থাকলেও তৃষা বর্তমানে তার ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বড় বাজেটের এই ফ্যান্টাসি থ্রিলার ছবিটি নিয়ে দর্শকদের মাঝে রয়েছে প্রবল আগ্রহ।

কালের আলো/এসএকে