খুঁজুন
                               
, ,
           

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে তারেক রহমান, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলে দক্ষ ও অভিজ্ঞরাই গুরুত্বপূর্ণ দায়িত্বে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে তারেক রহমান, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলে দক্ষ ও অভিজ্ঞরাই গুরুত্বপূর্ণ দায়িত্বে

কালের আলো রিপোর্ট:

নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ারের পুরোটা সময় গভীর দেশপ্রেম, সর্বোচ্চ পেশাদারিত্ব ও উজ্জ্বল নেতৃত্বগুণে উদ্ভাসিত করেছেন নিজেদের। দায়িত্বশীলতার বিস্তৃত বিভায় এঁকেছেন অনন্য ক্যানভাস। শুভ্রতার উজ্জ্বলতায় দক্ষতা, নীতি, আনুগত্য আর সততার সঙ্গে আধুনিক-অগ্রসর চিন্তার মেলবন্ধন ঘটিয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গৌরব ও আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নেয়ার দুর্বার প্রতীতিতে তাঁরা প্রত্যেকে সূত্রপাত করেছেন চ্যালেঞ্জিং নতুন এক অধ্যায়ের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্বভার গ্রহণের ৫ দিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রথম রদবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।

অন্তর্বর্তী সরকারের শেষ দিকে মিজানুর রহমান শামীমের স্বাভাবিকভাবে চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে বেশ কিছু সময় শূন্য ছিল সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদটি। এবার নতুন সরকারের শুরুর দিকেই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। ইউনূস সরকারের সময় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই পদে এসেছেন নতুন মুখ। চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনা সদর থেকে কচুক্ষেতের চৌদ্দ তলা ভবনে পাঠানো হয়েছে। সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফলতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েই লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী পেয়েছেন গুরুদায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পূর্ণ আস্থা রেখেছেন তাদের ওপর। ডিজিএফআইয়ে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান। এদিন প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন তিনি। পৃথকভাবে ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়ার সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিদায়ী ডিজি জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় বিস্ময়
তবে ডিজিএফআই’র বিদায়ী ডিজি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন বলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সামি। এক ফেসবুক পোস্টে বরেণ্য এই সামরিক বিশ্লেষক এ প্রসঙ্গে লিখেছেন-‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে এই কর্মকর্তা তাঁর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোন রাষ্ট্রে দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবেই বিবেচিত হয়। মেজর জেনারেল জাহাঙ্গীরের এই পদায়ন তাই অনেককেই বিস্মিত করেছে।’

পদোন্নতি ও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রীতি ও শুভেচ্ছায় সিক্ত
অযুত সম্ভাবনাময় নতুন অধ্যায়ের প্রারম্ভে অনলাইন-অফলাইনের বিশাল ক্যানভাসে নিজ জেলার বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীদের প্রীতি ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পদোন্নতি ও নতুন দায়িত্বপ্রাপ্ত চৌকস ও অভিজ্ঞ সেনা কর্মকর্তারা। সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালক পদসহ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সেনাবাহিনীর নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ২৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হন। সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার লাভ করেন। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বের আগে ২০২২ সালের জুলাই থেকে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লার এরিয়া কমান্ডার ছিলেন।

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী জীবনের উষালগ্নে ২৯ বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন প্রাপ্ত হন। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে মোট দু’বার স্টাফ কলেজ সম্পন্ন করেন। গানারি ও আর্টিলারি কোর্স করেন পাকিস্তান ও তুরস্ক থেকে। কর্মজীবনে বিভিন্ন সামরিক কোর্সে অত্যন্ত পারদর্শীতার সঙ্গে নিজেকে প্রমাণ করেই এই পর্যায়ে তিনি পৌঁছেছেন। জাতিসংঘ সদরদপ্তরে কর্মরত থাকা অবস্থায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য ডেপ্লয়মেন্ট সুযোগ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সেনা সদর সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আদেশ জারি করেছে। ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, সেনাসদরের একটি পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এরপর প্রধানমন্ত্রী তার চেম্বারের বসেন। দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।

কালের আলো/এমএএএমকে

৪৫০ গাড়ির লংমার্চ নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
৪৫০ গাড়ির লংমার্চ নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারে। তবে কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করা ও জনগণের দুর্ভোগ সৃষ্টি করার দায়ও তাদের নিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলার অধিকার রয়েছে। বিরোধী দল কর্মসূচি করুক, এতে আপত্তি নেই। তবে হুমকি-ধমকি, মিথ্যাচার, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ গ্রহণযোগ্য নয়।

৪৫০ গাড়ির লংমার্চ নিয়ে প্রশ্ন

জ্বালানি সংকটের মধ্যে ৪৫০টি গাড়ি নিয়ে রংপুরে লংমার্চের সমালোচনা করেন রিজভী। তাঁর দাবি, যমুনা সেতুর টোল আদায়ের হিসাব অনুযায়ী ওই বহরে প্রায় ৪৫০টি গাড়ি ছিল।

তিনি প্রশ্ন তোলেন, এতগুলো গাড়িতে কত জ্বালানি ব্যয় হয়েছে। তাঁর ভাষ্য, দেশে যখন ডিজেল সরবরাহে সংকট এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি রয়েছে, তখন এত গাড়ি নিয়ে লংমার্চের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের বিকল্প প্রস্তাব কী—এ প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা। তাঁর বক্তব্য, বিরোধী দল ভবিষ্যতে সরকারে যেতে পারে, তাই বর্তমান সংকট মোকাবিলায় তাদেরও পরিকল্পনা জানানো উচিত।

জ্বালানি সংকট নিয়ে বক্তব্য

রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকটকে শুধু সরকারের একক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে।

তিনি জানান, সরকার বাজেটের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে। একটি টার্মিনালের কারিগরি ত্রুটি ঠিক হওয়ায় গ্যাসের চাপ ও বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে বলেও দাবি করেন তিনি।

বাসে আগুন, বোমাবাজি নিয়েও প্রশ্ন

দেশ অস্থিতিশীল করার বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মধ্যবাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে বের করার আহ্বান জানান তিনি।

একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে—এমন দাবি করে জামায়াতের আমিরের প্রতিও প্রশ্ন তোলেন রিজভী। রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জামায়াতের আমিরকে লংমার্চ করার আহ্বান জানান তিনি।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে রিজভী

এক দফার আন্দোলনের প্রসঙ্গে রিজভী বলেন, এক দফার কথা শুনে বিএনপি গলি দিয়ে পালিয়ে যাবে না কিংবা প্রাচীর টপকে পালাবে না।

তিনি বলেন, বিএনপির রাজপথের আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দলটি আন্দোলন করেছে বলেও দাবি করেন তিনি। জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনা সরকারের পতনও দীর্ঘদিনের সেই আন্দোলনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপি ক্ষমতায় আছে ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির জোরে—এমন দাবি করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে।

সমাবেশে তিনি পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ হাজার কোটি গাছ লাগানো, হৃদরোগীদের রিংয়ের দাম কমানো এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা তুলে ধরেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কালের আলো/এমএসআইপি 

চার ক্যাটাগরিতে পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চার ক্যাটাগরিতে পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।

চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।

সাহস ও বীরত্ব, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক প্রদান করা হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

মুক্তিযুদ্ধের বিরোধীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের বিরোধীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়: ইশরাক

মুক্তিযুদ্ধের বিরোধীরা ভিন্ন ন্যারেটিভ নিয়ে হাজির হয়ে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, একটি পক্ষ বাংলাদেশকে ভারত বানাতে চায়, আরেকটি পক্ষ বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এসব ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে হলে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেরণা থেকেই আমরা দীর্ঘ সাড়ে ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম করেছিলাম। সেটিরই একটি চূড়ান্ত ফলাফল ছিল জুলাই গণঅভ্যুত্থান। চব্বিশের পর মুক্তিযুদ্ধের বিরোধীরা ভিন্ন ন্যারেটিভ নিয়ে হাজির হয়েছিল। তারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছিল। এক দল বাংলাদেশকে ভারত বানাতে চেয়েছিল, আরেক দল বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এই দেশকে ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে হলে আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে।’

তিনি বলেন, জামায়াতের লং মার্চের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। বিদেশে থাকা শেখ হাসিনার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে এর মিল রয়েছে। তারা মনে করে একমাত্র জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করতে পারলেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে। বাংলাদেশবিরোধী শক্তি দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার জন্য জাতীয়তাবাদী শক্তিতে আঘাত হানতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা চিরকাল থাকবেন না, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকেন না। কিন্তু বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং স্বাধীন পরিচয় পেয়েছি। তাই আমাদের এই পরিচয়কে ধরে রাখতে হলে এবং বাংলাদেশকে যদি ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত রাখতে চাই, বহির্বিশ্বের যেকোনো ষড়যন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত রাখতে চাই, তাহলে মুক্তিযুদ্ধকে মনে-প্রাণে জীবনের প্রত্যেকটি স্তরে ধারণ করতে হবে। এর অন্য কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি কোনো রাষ্ট্রীয় বাহিনীনির্ভর দল নয়। পুলিশের ওপর নির্ভরশীল থাকা যাবে না। তাদের কাজ করতে বাধ্য করতে হবে।

গ্যাস ও তেল সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই সংকট সমাধানে কিছু সময় প্রয়োজন। তবে রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা রক্ষা করতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ