খুঁজুন
                               
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র, ১৪৩২
           

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের কাজ: তথ্যমন্ত্রী

বগুড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের কাজ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতাতে গণমাধ্যম একটি অনিবার্য অনুষঙ্গ। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ। সমাজ যেহেতু তৈরি করে জনগণ। সেখানে রাষ্ট্র এবং সমাজের সকল ধরনের তৎপরতাকে মানুষের সামনে আয়নার মত তুলে ধরার দায়িত্বই হচ্ছে গণমাধ্যমের কাজ। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকবে। অন্ধকারে নিমজ্জিত রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে আসতে পারে না। অতএব রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে কতটা কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটি দায়িত্ব।

তিনি বলেন, এ কথা সঠিক আমাদের দেশে গণমাধ্যমে ক্ষমতাশীল মহল বার বার তার নিয়ন্ত্রিত একটি যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমাদের সরকার আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে এবং আমাদের ৩১ দফার মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। আমরা সেই লক্ষ্যে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের পদক্ষেপগুলি নিতে শুরু করেছি।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষক কার্ড বিতরণের কাজ চলছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি বগুড়াবাসীর অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত ১৭ বছর অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না। কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে। তালিকা করে সেই অধিকারগুলো আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গভবন নির্মাণের দায়িত্ব নেওয়া হবে। এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার নেতা যিনি এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন।

তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন। আমারা সেই স্বপ্ন পূরুণ করার জন্য অনতিবিলম্বে আমাদের নতুন তৎপরতা শুরু করবো।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। আরও বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। বাদ জুমা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ার বেতার কেন্দ্র ও বগুড়া প্রেসক্লাব পরিদর্শনে যান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

কালের আলো/এম/এএইচ

শোক কাটিয়ে শুটিংয়ে রাহুল পত্মী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
শোক কাটিয়ে শুটিংয়ে রাহুল পত্মী প্রিয়াঙ্কা

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরেছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে যোগ দিয়েছেন। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির দৃশ্যধারণ চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সিরিজটির মাত্র কয়েক দিনের শুটিং বাকি রয়েছে।

শুক্রবারের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিলেও আগামী দিনগুলোর শিডিউলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু জানাননি। প্রিয়াঙ্কার পাশাপাশি এদিন দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুলের মৃত্যু হয়। এই ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত কয়েক দিন নিজেকে সামলে নেওয়ার জন্য সময় নিলেও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন তিনি। সেখানে তিনি রাহুলের অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না রেখে একে বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান।

কালের আলো/আরডি/এমডিএইচ

দুই বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
দুই বিভাগে বৃষ্টির আভাস

দেশের দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় দিন, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা খুলনার যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডা. শফিকুরকে সালাহউদ্দিন

আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাসের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাসের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিল পাস হয়ে যাওয়ার পর যদি বলেন আমি কিছু বুঝিলাম না। যদি আপত্তি দিতে হতো তা উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধন্যবাদ জানাই বিরোধীদলীয় নেতাকে, সব বিরোধীদলীয় সংসদ সদস্যকে; আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। ‘হ্যাঁ’ও বুঝে দিয়েছেন, ‘না’ও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটি এসব কর্ম নির্ধারণ করছে। বিশেষ কমিটি যেটা আপনি (স্পিকার) করে দিয়েছেন এই আইনগুলো পর্যালোচনা করার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের সংসদ সদস্য জয়নাল আবেদিন সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন। আইনমন্ত্রীসহ সবাই এটা আলোচনা পর্যালোচনা করে যেসব অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে পাস করার জন্য সিদ্ধান্ত হয় তার মধ্যে এই বিলটাও ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থবিলসহ আরও কিছু বিলে নোট অব ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধীদলীয় সদস্য- সেটি এরই মধ্যে আপনি দুই মিনিটের জায়গায় ১০ মিনিট ১৫ মিনিট, যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন।

কালের আলো/এসআর/এএএন