নতুন এসবি, র্যাব ডিজি ও সিআইডি প্রধান হলেন যারা
বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিট বিশেষ শাখা (এসবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া) মো. আহসান হাবীব পলাশ। তিনি বর্তমান মহাপরিচালকের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিগবাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামে মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামে মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array