খুঁজুন
                               
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩
           

হাদি হত্যায় গ্রেফতার ৩ বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হাদি হত্যায় গ্রেফতার ৩ বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা

শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে গ্রেফতার তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কনস্যুলার অ্যাকসেস পেতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। প্রথমে দুজন গ্রেফতারের পর কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। পরে আরও একজন গ্রেফতার হওয়ার পর তাঁর ক্ষেত্রেও একই অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সরকার চেষ্টা করছে। আশা করা হচ্ছে, ভারত এ বিষয়ে সহযোগিতা করবে। কনস্যুলার অ্যাকসেস পাওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা বিএনপি দেখেছে। যে বাহিনীকে মানুষের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য গঠন করা হয়েছিল, সেটিকে আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও শক্তিশালী করতে বিএনপি কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে দেশের কোনো জ্বালানির সংকট নেই। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে জ্বালানি খাতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা দেশে ফিরতে চান বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। আর যারা এখনো ফিরতে পারেননি, তাদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসগুলো দেখভাল করছে।

কালের আলো/এসআর/এএএন

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

কাতালানিয়ার ঐতিহাসিক ক্লাব ইউই কর্নেল্লার মালিকানা কিনেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছে কর্নেল্লা ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনার সঙ্গে নিজের আজীবন আত্মিক সম্পর্ক এবং স্থানীয় প্রতিভা বিকাশের লক্ষ্যেই লিওনেল মেসির এই নতুন উদ্যোগ।

১৯৫১ সালে প্রতি প্রতিষ্ঠিত এই ক্লাবটি স্প্যানিশ প্রতিভা অন্বেষণের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। মজার ব্যাপার হলো বর্তমান ও সাবেক অনেক সতীর্থই এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া এবং জেরার্ড মার্টিনের মতো তারকা ফুটবলাররা।

ফুটবলের তৃণমূল পর্যায়ে কাজ করার আগ্রহ সবসময় ছিল লিওনেল মেসি। গত ডিসেম্বরে মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে মেসি কাপ আয়োজন করে তিনি এর প্রমাণও দিয়েছিলেন। এবার সরাসরি একটি ক্লাব কিনে নেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।

মেসির এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হলো স্থায়িত্ব এবং উচ্চাশার সমন্বয়ে শিকড়ের সাথে সংযোগ রেখে ক্লাবটিকে আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

মালিকানায় মেসির আগমনে ইউই কর্নেল্লো তাদের ইতিহাসে এক নতুন যুগে পদার্পণ করল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশলগত দূরদর্শিতা ক্লাবটির ক্রীড়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটাবে।

কালের আলো/এসএকে

চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প 

ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য ইসলামাবাদে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এ কথা বলেন ট্রাম্প। লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।’

চুক্তির বিষয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এই আলোচনা আবার পাকিস্তানেই হতে পারে।

কালের আলো/এসআর/এএএন

শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনির শিকার দুইজন ঘটনাস্থলেই মারা যান। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, বনপারিল এলাকা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে গণপিটুনি দিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার পর রাতে তার মরদেহ ভুট্টাক্ষেতে পাওয়া যায়। পরে সন্দেহভাজন তিনজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা, এতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

কালের আলো/এসআর/এএএন