খুঁজুন
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

সরকারের এক মাসের অর্জন তুলে ধরলেন তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
সরকারের এক মাসের অর্জন তুলে ধরলেন তথ্যমন্ত্রী

সরকার গঠনের এক মাসের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের তিনি এসব অর্জনের কথা তুলে ধরেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি

মন্ত্রী বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার আছে। এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দেবো। পাইলট প্রজেক্টের কাজ আমরা এরইমধ্যে শুরু করেছি। সরকারের মাত্র ২১ দিনের মাথায় প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা-১৭ আসনের একটা প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে—আপনারা সবাই সেই দৃশ্য দেখেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এরইমধ্যে ৩৭ হাজারেরও বেশি পরিবারকে—প্রায় ৩৮ হাজার পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গিয়েছে। এরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন। এই পাইলট প্রজেক্ট পর্যায়ক্রমে চলতে চলতে আমরা দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রধান নারী সদস্যকেই আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব।

ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা এরইমধ্যে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু করেছি, যা আমাদের প্রতিশ্রুতি ছিল। তাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুরু করেছি—আপনারা দেখেছেন।

তিনি জানান, আগামী চারটি অর্থবছরে চারটি ধাপে সব মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারে মাসিক সম্মানী ভাতা কর্মসূচির আওতায় আনা হবে।

ঈদ উপহার ও যাকাত ব্যবস্থা

মন্ত্রী বলেন, আমাদের সরকারের শুরুতেই আমরা ঈদের এই উৎসবকে ভাগাভাগি করার সুযোগ পেয়েছি, সে কারণে প্রধানমন্ত্রী ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছেন প্রতিটি নির্বাচনী এলাকায়। সংসদ সদস্যদের মাধ্যমে এই সব এলাকায় গরিবদের জন্য শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি, রুমাল এবং ১০ লাখ টাকার নগদ অনুদান বণ্টন করা হয়েছে।

তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরইমধ্যে প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাকাতটা বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে সবাই দান করেন, এটাকে একটা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রি-পাইলটিং পর্যায়ের এই কাজটি চলবে এবং ক্রমান্বয়ে আমরা দেশের সব কৃষকের মধ্যেই এই কৃষক কার্ড পৌঁছে দেব।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকের ২১ হাজার ১৪ জন কৃষকের মাঝে এই কার্ড দেওয়া হবে। টাঙ্গাইল থেকে এর যাত্রা শুরু হবে পহেলা বৈশাখ। কৃষি উপকরণ ক্রয়ের জন্য জনপ্রতি বার্ষিক আড়াই হাজার টাকা করে তারা প্রণোদনা পাবেন।

খাল খনন কর্মসূচি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতিতে ঘোষণা করেছিলাম যে, সারাদেশে আমাদের এই পাঁচ বছরের মেয়াদে আমরা ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করব। এবং এরইমধ্যে দেশের ৫৪টি জেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে আমরা এই খাল খননের কাজ শুরু করেছি। আমরা আগামী ১৮০ দিনের মধ্যে ১২০০ কিলোমিটার খাল খনন করতে চাই। এবং এই খাল খননের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করা এবং কৃষকের ভাগ্য পরিবর্তন করা এবং চূড়ান্তভাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করাই হচ্ছে আমাদের লক্ষ্য।

সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বর্জন

তিনি বলেন, আমাদের সরকার গঠন করার দিন সকালেই সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার নেতৃত্বে আমরা ঘোষণা করেছি—আমরা আর কখনোই ট্যাক্স-ফ্রি গাড়ি নেবো না এমপিরা। আমরা ওইদিনই ঘোষণা করেছি—আমরা কোনো প্লট নেবো না। এমপিদের যে সুবিধা—সেই বিশেষ সুবিধাগুলোকে আমরা বাতিল করার জন্য উদ্যোগ নেবো এবং আমরা তা গ্রহণ করব না। আমরা আশা করি, সরকারি দলের বাইরে অন্যান্য এমপিরাও আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন।

এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

৩০০ কোটি ডলার ঋণের খোঁজে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
৩০০ কোটি ডলার ঋণের খোঁজে সরকার

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, ভর্তুকি ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখে আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য বড় আকারের বাজেট প্রস্তুত করছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বাজেটের আকার ৯ লাখ কোটি টাকার বেশি হতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বাজেট বৃদ্ধির একটি হতে যাচ্ছে।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম বেড়ে যাওয়ায় এসব পণ্য আমদানিতে চার মাসে প্রয়োজন ৩০০ কোটি মার্কিন ডলার। আবার ভর্তুকি দিতে লাগবে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা।

বিশাল অঙ্কের এই চাপ সামাল দিতে ৩০০ কোটি ডলার ঋণের খোঁজ করছে সরকার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত মার্চ থেকে আগামী জুন সময়ের জন্য বাজেট সহায়তা হিসেবে উন্নয়ন–সহযোগীদের কাছ থেকে এই ঋণ নিতে চায় সরকার। ঋণ পাওয়া যায় কি না, তা আলোচনা করে দেখতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা।

চিঠির সঙ্গে মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে একটি অবস্থানপত্র। সেখানে জরুরি ঋণসহায়তার জন্য যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি হওয়া চাপ তথ্য-উপাত্ত দিয়ে তুলে ধরা হয়েছে।

প্রথমত, এই ঋণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা এবং জ্বালানি, সার ও খাদ্য আমদানি নিশ্চিতে সহায়তা করবে।

দ্বিতীয়ত, নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা দিতে ভূমিকা রাখবে। তৃতীয়ত, দেশে জ্বালানি তেল, গ্যাস, সার ইত্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তা ব্যয় করা যাবে।

অর্থ মন্ত্রণালয় অবস্থানপত্রে বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য চাপের মুখে পড়েছে। এই ঋণসহায়তা জরুরি প্রয়োজন মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে দরকার।

বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও ইআরডির শীর্ষস্থানীয় কারও বক্তব্য পাওয়া যায়নি। কারণ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ১৪ কর্মকর্তা ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হওয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন সভায় যোগ দিতে গেছেন। এই সভায় বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে বাড়তি ঋণ চাওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্য সরবরাহ বিঘ্নিত হলে এবং বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়ে বাংলাদেশ। এ সময় বিশ্ববাজারে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল।

বাড়তি দরে আমদানি করতে গিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত দ্রুত কমতে থাকে। একটি পর্যায়ে তা ৪ হাজার ৮০০ কোটি (৪৮ বিলিয়ন) ডলার থেকে নেমে আসে ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের নিচে।

অন্যদিকে ৮৬ টাকার ডলারের দাম ১২০ টাকা ছাড়িয়ে যায়। ফলে দেশে মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এর জন্য দায়ী করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনাকে।

এ দায় থেকে বাঁচতে তখনকার সরকার জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ার চাপ সাধারণ মানুষের ওপর দিয়ে দেয়। দফায় দফায় বাড়ানো হয় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও সারের দাম। কিন্তু মজুরি মূল্যস্ফীতি অনুযায়ী বাড়েনি।

অর্থনীতির এই পরিস্থিতি বিপুলসংখ্যক মানুষকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে দেয়। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) গত বছরের আগস্টে প্রকাশিত গবেষণায় জানায়, তিন বছরে দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে, যা ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

কালের আলো/ এসাআর/ এএএন 

১০ টাকা নিয়ে বিরোধে চাচিকে হত্যায় ভাতিজা গ্রেফতার

মময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
১০ টাকা নিয়ে বিরোধে চাচিকে হত্যায় ভাতিজা গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে চাচিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আয়েশা (৪৮) একই গ্রামের বাসিন্দা ও তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ (১৯) নিহতের আপন ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, পাওনা ১০ টাকা নিয়ে চাচি-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ সময় তৌহিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আয়েশার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পালানোর সময় ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/এম/এএইচ

বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর তাকে আটক করা হয়। আটক লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই লায়ন স্বপন কিছুদিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার পর চাটখিল থানাকে অবহিত করে। এরপর চাটখিল থানা পুলিশ তাকে গ্রহণ করতে ঢাকা রওনা হয়েছে।

তিনি আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানার পুলিশ চাটখিল থানার কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ