সিগন্যাল ব্যবস্থার ত্রুটিতেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা রেলে
ঢাকা-সিলেট মহাসড়কের টঙ্গী নিমতলা লেভেল ক্রসিং। যেখানে ট্রেনের শব্দ শুনে গেটম্যানরা তাড়াহুড়ো করে ব্যারিকেড নামিয়ে, হাতের ইশারায় পথচারী ও যানবাহন নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকে। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ক্রসিং দিয়ে যায়। অথচ ব্যারিকেড, সংকেত লাইট ও শব্দ যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট। গেটম্যানরা বলেন, ট্রেন আসার সময় কোনো সিগন্যাল বাজে না। এগুলো না থাকলে গাড়ি এলে এক্সিডেন্টের ঝুঁকি থাকে।
সত্যিকার অর্থেই বাংলাদেশ রেলওয়ের প্রায় চার হাজার কিলোমিটার পথে সবচেয়ে দুর্বল-চরম ঝুঁকির নাম ‘সিগন্যাল ব্যবস্থা’। ৯০ শতাংশ সিগন্যাল পয়েন্টের আয়ুষ্কাল প্রায় অর্ধশত বছর আগেই শেষ হয়ে গেছে। ‘ম্যানুয়ালি’ সিগন্যাল ব্যবস্থা একমাত্র ভরসা। তবে এতে বিন্দুমাত্র আস্থা রাখতে পারেন না মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। রেলে ছোট-বড় দুর্ঘটনার ৯৫ শতাংশই ঘটছে সিগন্যাল ব্যবস্থা ও রেললাইনের ত্রুটির কারণে।
জানা যায়, বছরে রেলে ৭০ থেকে ১৩০টি ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় গঠিত তদন্ত রিপোর্ট বলছে, সিগন্যাল ব্যবস্থা ত্রুটির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তথ্য বলছে, এশিয়ায় ঝুঁকিপূর্ণ রেল অবকাঠামোর দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশে ১৯৩৭ সালের সিগন্যাল ব্যবস্থায় ট্রেন চরম ঝুঁকি নিয়ে চলছে।
টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বেশিরভাগ লেভেল ক্রসিংয়ের দশাও একই। যেখানে দড়িপাড়া গেটের কর্মীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। গেটম্যানরা বলেন, প্রায় সবকিছুই বিকল, তাই আমরা প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করি। গাড়ি বা ট্রেন এলে দৌড়ে বেরিয়ার বসাতে হয়। শত বছরের পুরোনো ব্রিটিশ আমলের সিগন্যাল ব্যবস্থা পরিবর্তন করে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রেল বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, আমরা রেলের ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, গতি বাড়ানোর চেষ্টা করছি। সেই জায়গায় অটোমেশন আনতেই হবে। মডার্ন রেলওয়ে মানেই স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে যেতে হবে।
জানতে চাইলে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, রেল সিগন্যাল আধুনিকায়নের প্রাথমিক কাজ এর মধ্যেই শুরু হয়েছে। এই ব্যাপারে সমীক্ষা হচ্ছে। দেখা হচ্ছে কোথায় রেল ক্রসিং আন্ডারপাস বা ওভারপাস করা সম্ভব, এবং এগুলো স্বয়ংক্রিয়ভাবে করা যায় কিনা।
কালের আলো/এম/এএইচ



আপনার মতামত লিখুন
Array