খুঁজুন
                               
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
           

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ৯৭ শতাংশের নিবন্ধন নেই

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার ৯৭ শতাংশের নিবন্ধন নেই

ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশার একটি বড় অংশ এখনো নিবন্ধনের বাইরে। এখানে রিকশা চালানোর অভিজ্ঞতা নেই ৭৫ শতাংশ চালকের, যা উদ্বেগের বড় কারণ।

চলতি বছর রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ভবনে আয়োজিত ‘শহরে প্যাডেল রিকশা থেকে ব্যাটারিচালিত রিকশার পরিবর্তন’ নিয়ে গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন নেই ৯৭ দশমিক ৪ শতাংশের। আর প্যাডেল রিকশা নিবন্ধনের বাইরে রয়েছে ৮৫ দশমিক ৯৪ শতাংশ। ব্যাটারিচালিত রিকশা চালানোতে বেশি ঝুঁকছেন তরুণরা। আগে কখনো ব্যাটারিচালিত রিকশা চালাননি ৭৫ শতাংশ চালক। এমনকি তারা প্যাডেল রিকশাও চালাননি।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনোভিশন কনসাল্টিং’-এর ‘আরবান মবিলিটি স্টাডি: ফ্রম ব্যাটারি টু প্যাডেল- রিকশাস ইন ট্রানজিশন’ শীর্ষক এক গবেষণায় দেখা যায়, বর্তমানে যারা ব্যাটারি রিকশা চালাচ্ছেন, তাদের মাত্র ২৪ দশমিক ৪৮ শতাংশ আগে প্যাডেল রিকশা চালাতেন। অর্থাৎ, এই পেশায় আসা চারজনের মধ্যে তিনজনেরই আগে রিকশা চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। গবেষণার তথ্যমতে, এই নতুন চালকদের ২১ দশমিক ৩৫ শতাংশ আগে গ্রামে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত বছরের ডিসেম্বরে ‘ইন্টিগ্রেটিং ইলেকট্রিক থ্রি-হুইলারস ইনটু আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, কৃষিজীবী, দিনমজুর ও পোশাক শ্রমিকরা আয়ের অনিশ্চয়তা কাটাতে এবং শারীরিক পরিশ্রম কমাতে এই পেশায় ব্যাপকভাবে যুক্ত হচ্ছেন।

বিআরটিএর বরাত দিয়ে সিপিডির প্রতিবেদনে বলা হয়, সারাদেশে বর্তমানে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত থ্রি-হুইলার বা ইজিবাইক চলছে। এর মধ্যে শুধু ঢাকাতেই চলছে প্রায় ২০ লাখ। ঢাকায় চলা এসব রিকশার ৯৫ শতাংশের নিবন্ধন নেই।

সিপিডির গবেষণায় বিআরটিএর ২০২৪ সালের তথ্য তুলে ধরে বলা হয়েছে, দেশের মোট সড়ক দুর্ঘটনার ১৬ দশমিক ৫ শতাংশে দায় রয়েছে ব্যাটারিচালিত থ্রি-হুইলারগুলো। মোট সড়ক দুর্ঘটনায় নিহতের ২১ দশমিক ০১ শতাংশ বা এক-পঞ্চমাংশের মৃত্যুর জন্যই দায়ী এসব যান।

এক গবেষণায় দেখা গেছে, যাত্রীরা প্রধানত স্বল্প দূরত্বে এক থেকে তিন কিলোমিটার চলাচলের জন্য রিকশা ব্যবহার করেন। দ্রুত যাতায়াতের কারণে ব্যাটারিচালিত রিকশা বেছে নেন ৮২ শতাংশ যাত্রী। তবে দুর্ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। ব্যাটারিচালিত রিকশায় দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। এছাড়া যানজটের প্রধান কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশাকে দায়ী করছেন ৬২ শতাংশ যাত্রী। এ-জাতীয় রিকশাকে নিয়ন্ত্রণ ব্যবস্থার পক্ষে জোরালো জনসমর্থন রয়েছে ৫৬ দশমিক ৬ শতাংশের লোকের। আর সম্পূর্ণ নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন রয়েছে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের।

কালের আলো/এম/এএইচ

৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন।

শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালের আলো/আরডি/এমডিএইচ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সরকার, তা পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (শেখ হাসিনাকে ফেরত পাঠানোর) অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবো।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার তীব্র আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে একটি বাড়িতে থাকছেন তিনি।

অভ্যুত্থানের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে সে সময়ও বলা হয়েছিল— অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী দল বিএনপি সম্প্রতি সেই নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে নতুন এই আইনের ব্যাপারেও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

কয়েক দিন আগে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেছেন, আমি এখানে বলব যে অতীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন, এবারও তা-ই পুনর্ব্যক্ত করেছেন; আর তা হলো— বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালের আলো/আরডি/এমডিএইচ

সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের সফরে সেনেগালের রাজধানী ডাকার গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ