খুঁজুন
                               
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩
           

চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি

চট্টগ্রাম বন্দরে আমদানি করা এলসিএল (লেস দ্যান কনটেইনার লোড) কার্গোর জট সৃষ্টি হওয়ায় দ্রুত ডেলিভারি নিতে তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বিজিএমইএ ও বিকেএমইএ’র শীর্ষ কর্মকর্তাদের কাছে গত ২৮ মার্চ এ চিঠি পাঠায় বন্দর কর্তৃপক্ষ।

দুই সংগঠনে বন্দর কর্তৃপক্ষের সহ টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরীর সই করা চিঠিতে বলা হয়, ১৪টি সিএফএস (কনটেইনার ফ্রেইট স্টেশন) বা শেড এলসিএল কার্গোতে পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশ পণ্যই বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর আমদানি করা।

এলসিএল কার্গোর জট সৃষ্টি হওয়ায় বন্দরের কার্যক্রমে চাপ বাড়ছে জানিয়ে বন্দর সংশ্লিষ্টরা জানান, এসব সিএফএস/শেড থেকে পণ্য ডেলিভারি না হওয়ায় নতুন করে আসা কনটেইনার খালাসে জটিলতা তৈরি হয়েছে।
বর্তমানে আনস্টাফিংয়ের অপেক্ষায় থাকা প্রায় ৭৮০ টিইইউএস কনটেইনার থেকে এলসিএল কার্গো খালাস করে সংরক্ষণ করার মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বন্দরের ভেতরে থাকা আমদানি করা পণ্য দ্রুত খালাসে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, পণ্য ডেলিভারি সহজ করতে শুক্র, শনি ও রোববারসহ সরকারি ছুটির দিনেও ২৪ ঘণ্টা (২৪/৭) সিএফএস কার্যক্রম চালু রাখা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে, তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সিএফএস/শেডে থাকা এলসিএল কার্গো ডেলিভারি নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত পণ্য খালাসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং দেশের বাণিজ্যিক সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।

কালের আলো/এসএকে

চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প 

ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য ইসলামাবাদে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এ কথা বলেন ট্রাম্প। লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি যেতে পারি।’

চুক্তির বিষয়ে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে আসেন।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এই আলোচনা আবার পাকিস্তানেই হতে পারে।

কালের আলো/এসআর/এএএন

শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনির শিকার দুইজন ঘটনাস্থলেই মারা যান। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, বনপারিল এলাকা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে গণপিটুনি দিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার পর রাতে তার মরদেহ ভুট্টাক্ষেতে পাওয়া যায়। পরে সন্দেহভাজন তিনজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা, এতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

কালের আলো/এসআর/এএএন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছি। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

কালের আলো/এসএকে