প্রধানমন্ত্রীকে বাবা-মায়ের স্মৃতিবিজড়িত ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তাঁর বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন।
একটি ছবি ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের। অন্য ছবিটি ১৯৯২ সালের ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের সময় তোলা; যেখানে ওভাল অফিসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র বুশ) সঙ্গে তাঁকে বৈঠকে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী এই বিশেষ উপহারের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসের প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
কালের আলো/এসএকে



আপনার মতামত লিখুন
Array