খুঁজুন
                               
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
           

বিএনপি সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
বিএনপি সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুযায়ী, উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের এই কমিটির বৈঠক হয় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সন্মেলন কক্ষে। তবে এবার সে ধারা পাল্টে সচিবালয়ে বৈঠকের তথ্য আগেই জানিয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম একনেক সভার কার্যতালিকায় ১৯টি প্রকল্প থাকলেও ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৩টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি। তালিকার ৮ম প্রকল্প নিয়ে আলোচনা চলাকালেই সভা মুলতবি করা হয় এবং প্রকল্পগুলো নিয়ে আগামী একনেকে আলোচনা হবে বলে জানানো হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের তেজগাঁওয়ের কার্যালয় ছেড়ে বেশিরভাগ সময় অফিস ও নিত্যদিনের সভা সারছেন সচিবালয়ে। বিগত সময়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সড়কে নিরাপত্তার কারণে যানজট ও দীর্ঘক্ষণ জনসাধারণের চলাচল বন্ধের সংস্কৃতি ছিল তা কাটানোর চেষ্টা দেখা গেছে নতুন সরকার গঠনের পর এ কয়েকদিনে। এ ধারায় নতুন সংযোজন হিসেবে একনেক সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে আলোচনা চলছে।

একনেক সভাসূত্র জানায়, কার্যতালিকার প্রথম সাতটি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত প্রকল্প ও দুইটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া তালিকার এক নম্বর ও চার নম্বরে থাকা করতোয়া নদীর ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ও অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প দুটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি প্রথম একনেক হওয়ায় প্রধানমন্ত্রী অনেককিছু জানার ও বোঝার চেষ্টা করেন। এছাড়া শুধু করতোয়া নদী উন্নয়ন প্রকল্প নিয়ে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়। তিনি প্রকল্পের প্রয়োজনীয়তা ও না জেনে কোনো প্রকল্প অনুমোদন করেননি। পরে আরেকটি জরুরি মিটিং থাকায় আজকের মতো সভা মুলতবি করা হয়।

একনেকে অনুমোদন পাওয়া পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে, ৩৬৮ কোটি টাকা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২; চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪, প্রকল্পটিতে ৩.৪৮ কোটি টাকা ব্যয় কমিয়ে সংশোধন করা হয়েছে। ১১১৮ কোটি টাকা ব্যয় বাড়িয়ে শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২), এবং দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প সংশোধন করা হয়েছে। চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৫৩৩ কোটি টাকা ব্যয়ের আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প ও ১৩৯ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

একনেকে তালিকায় ছিল কিন্তু আলোচনা হয়নি, এমন প্রকল্পের মধ্যে রয়েছে-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ; স্থানীয় সরকার বিভাগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন; চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক নিবাস নির্মাণ; ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সোনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চরকাউয়া) হতে ভোলা (ইলিশা ফেরীঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প; সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প-২য় পর্যায়; এবং ‘ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প’।

একনেক সভায় পরিকল্পনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

কালের আলো/এম/এএইচ

৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন।

শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালের আলো/আরডি/এমডিএইচ

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সরকার, তা পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (শেখ হাসিনাকে ফেরত পাঠানোর) অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবো।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার তীব্র আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। বর্তমানে দেশটির কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে নয়াদিল্লিতে একটি বাড়িতে থাকছেন তিনি।

অভ্যুত্থানের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে সে সময়ও বলা হয়েছিল— অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী দল বিএনপি সম্প্রতি সেই নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছে। শুক্রবারের ব্রিফিংয়ে নতুন এই আইনের ব্যাপারেও জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

কয়েক দিন আগে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেছেন, আমি এখানে বলব যে অতীতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন, এবারও তা-ই পুনর্ব্যক্ত করেছেন; আর তা হলো— বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত গঠনমূলকভাবে যুক্ত থাকতে চায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালের আলো/আরডি/এমডিএইচ

সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের সফরে সেনেগালের রাজধানী ডাকার গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ