খুঁজুন
                               
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩
           

জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP)-এর ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিবৃতিতে বিদায়ী ফোর্স কমান্ডারের নিষ্ঠা ও দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ মহাসচিব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে নেতৃত্ব ও কমান্ড পর্যায়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট (২০২৪) হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি পদাতিক ফর্মেশনে কাউন্টার টেররিজম, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দা-ভিত্তিক অভিযানসহ একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে নেতৃত্ব দিয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে (মিনুস্কা) সেক্টর কমান্ডার (২০২০-২০২১) এবং পূর্ব তিমুরে (আনটায়েট) সামরিক পর্যবেক্ষক (১৯৯৯-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অসামান্য পেশাগত দক্ষতার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম একজন উচ্চশিক্ষিত সেনা কর্মকর্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তর (এমএসসি), বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও অত্যন্ত সাবলীল।

উল্লেখ্য, ইউএনএফআইসিওয়াইপি হচ্ছে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিরক্ষা মিশন, যেখানে দ্বীপটির স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করে থাকেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই শীর্ষ অবদানকারী দেশগুলোর একটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে হাজারো বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তাদের পেশাদারিত্ব, মানবিকতা ও দক্ষতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

কালের আলো/এম/এএইচ

১০ টাকা নিয়ে বিরোধে চাচিকে হত্যায় ভাতিজা গ্রেফতার

মময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
১০ টাকা নিয়ে বিরোধে চাচিকে হত্যায় ভাতিজা গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে চাচিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আয়েশা (৪৮) একই গ্রামের বাসিন্দা ও তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ (১৯) নিহতের আপন ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, পাওনা ১০ টাকা নিয়ে চাচি-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ সময় তৌহিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আয়েশার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পালানোর সময় ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/এম/এএইচ

বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পর তাকে আটক করা হয়। আটক লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই লায়ন স্বপন কিছুদিন পলাতক ছিলেন। এরপর তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার পর চাটখিল থানাকে অবহিত করে। এরপর চাটখিল থানা পুলিশ তাকে গ্রহণ করতে ঢাকা রওনা হয়েছে।

তিনি আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানার পুলিশ চাটখিল থানার কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

নববর্ষ আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক: প্রিন্স

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
নববর্ষ আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক: প্রিন্স

বাংলা নববর্ষের সাংস্কৃতিক, সামাজিক গুরুত্ব তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এই উৎসব আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের প্রাণের এই উৎসব মানুষে মানুষে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। এই দিনে আমরা পুরনো সকল গ্লানি, দুঃখ-কষ্ট ভুলে নতুন আশা, নতুন স্বপ্ন আর সম্ভাবনার পথে যাত্রা শুরু করি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ উদযাপন কমিটি হালুয়াঘাটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, আজকের এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের জন্য একটি অঙ্গীকারের দিনও বটে। আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সমাজে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

প্রিন্স বলেন, বর্তমান বিশ্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি— অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা এবং মূল্যবোধের অবক্ষয় আমাদের সমাজকেও প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে শক্তভাবে ধারণ করতে হবে। বিএনপি নেতা তার বক্তব্যে সমসাময়িক জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আজ টাঙ্গাইলে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধনের কথা উল্লেখ করে প্রিন্স বলেন, জনগণের নির্বাচিত সরকারের বয়স দুই মাস যেতে না যেতেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে জাতির কাছে প্রদত্ত অঙ্গীকার একের পর এক বাস্তবায়ন করে জনগণের ভাগ্য পরিবর্তন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য জামায়াত- এনসিপির নেতৃত্বে কয়েকটি দল অহেতুক উস্কানিমূলক ও অসত্য বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এসময় একাত্তর ও বিএনপি নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করেন প্রিন্স।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির নয়, জমায়াত ছাড়া সমগ্র বাংলাদেশের জনগণের সম্পদ। জামায়াত ছাড়া একাত্তরের চেতনা দেশের সব রাজনৈতিক দল ও জনগণের মাঝে বিদ্যমান। বিএনপি সেই চেতনাকে ধারণ করে।

প্রিন্স বলেন, জামায়তের মধ্যে সেই চেতনা নেই বলে তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জামায়াতের রাজনীতি একাত্তরের চেতনা ও আবেগের বিরোধী। এজন্য একাত্তরের প্রসঙ্গ এলেই তারা নার্ভাস হয়ে পড়ে। তাদের মুখে একাত্তর শোভা পায় না।

তিনি আরও বলেন, দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং সেই চেতনা থেকেই গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেয়।

প্রিন্স তার বক্তব্যে বিএনপিকে আন্দোলনের সুবিধাভোগী উল্লেখ করে এনসিপির প্রধান নাহিদ ইসলামের মন্তব্যেরও সমালোচনা করেন। বলেন, বিএনপি কোনো আন্দোলনের সুবিধাভোগী নয়, বরং দেশের সকল গণঅভ্যুত্থান ও আন্দোলনের রূপকার এবং নেতৃত্বদানকারী শক্তি।

তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির জোটের নেতারা অসংলগ্ন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্তর্র্বতী সরকারের সময় নির্বাচন বিলম্বিত করে দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে পরিকল্পনা তারা করেছিল, নির্বাচনের মাধ্যমে তা ব্যর্থ হওয়ায় এখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।

প্রিন্স বলেন, জনগণের ভোটে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই তারেক রহমান শুরু করেছেন, তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। কিন্তু এ ধরনের অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।

অনুষ্ঠানে লোকজ সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা ও নাটক মঞ্চস্থ হয়। সেখানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, নাট্যকার আব্দুস সামাদ, লোকজ শিল্পী হাবিবুর রহমান, বিএনপি নেতা আবদুল জলিল ও যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল।

কালের আলো/আরডি/এমডিএইচ