খুঁজুন
                               
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

জ্বালানি সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে কৃত্রিম সংকট: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
জ্বালানি সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে কৃত্রিম সংকট: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানির কৃত্রিম সংকটের পেছনে অবৈধ মজুদ এবং কালোবাজারির বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধভাবে জ্বালানি মজুদের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়েছে, তবে এসব নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে আজ এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের সময় দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র সাত দিনের। এ অবস্থায় ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ৮৮ ডলার থেকে বেড়ে ১৬০ ডলারের বেশি হয়েছে। অকটেন ও জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সরকার দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস এবং বিকল্প উৎস অনুসন্ধানের মাধ্যমে মজুদ পরিস্থিতি শক্তিশালী করেছে।

জ্বালানি সংকটের পেছনে কৃত্রিম সংকট ও অবৈধ মজুদকেও দায়ী করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ মজুদ, কালোবাজারি এবং তেল পাচারের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সরকার কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ঢাকা মেইলসহ বেশ কিছু গণমাধ্যমের রেফারেন্স দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাবনায় পানির ট্যাংকে তেলের সন্ধান, ড্রইং রুমে মিনি পেট্রোল পাম্প, নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুদ, কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন, কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত সাত চুয়াডাঙ্গায় অবৈধ তেল মজুদ, এই ধরনের অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকার মে মাস পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং জুন-জুলাইয়ের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও বাংলাদেশ তুলনামূলকভাবে কম হারে মূল্য সমন্বয় করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল ৮২.০৫ ডলার, যেটি ২৭ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় ৮৮.০৪ ডলার।

১৭ এপ্রিল ২০২৬ এর সর্বশেষ প্রকাশনা অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় ১৬২.৯৩ মার্কিন ডলার। আর ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ২০২৬ এর এখানে যদি গড় মূল্য বিবেচনা করা হয় তাহলে এটির মূল্য দাঁড়ায় ২০৮.৭৪ ডলার, যেটি মার্চে গড় মূল্য ছিল ১৮৬.৫৯ ডলার। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে ১৪২.৭৩ শতাংশ। অকটেন সেখানে ৭২.২৩ শতাংশ, জেট ফুয়েল ১৪৩.০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩৮ শতাংশ, যেখানে ডিজেলের মূল্য তারা বৃদ্ধি করেছে ৪০ শতাংশ। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে।

শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ, ডিজেলের মূল্য ৩৫ শতাংশ। একইভাবে অবাক করা কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল তেলের মজুদ রয়েছে সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।

সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র পেট্রোল, ডিজেল, অকটেনের মূল্য ১০ থেকে মাত্র ১৭ শতাংশ বৃদ্ধি করেছি।’

তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম ৪৫ দিন কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার মূল্য বৃদ্ধি থেকে বিরত ছিল। পরে বাস্তবতার নিরিখে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়, যাতে ভর্তুকি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে ঢাকায় ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে গণমাধ্যম প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে এবং ধারাবাহিকভাবে পরামর্শ নিচ্ছে। বিরোধী দলসহ সকলের গঠনমূলক প্রস্তাব গ্রহণে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ সংকট মোকাবেলা সম্ভব।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে চায় কাতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে চায় কাতার

Oplus_131072

বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার।

সোমবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকের শুরুতে বাংলাদেশ সফরে আসায় ড. আলীকে আন্তরিক ধন্যবাদ জানান আরিফুল হক।

মন্ত্রী বলেন, গত কয়েক দশকে দু’দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতীম সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে গভীর কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির যে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন, সেজন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী কাতারকে বাংলাদেশি কর্মীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় শ্রমবাজার হিসেবেও উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে ৪ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন।

২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, চলতি বছর দোহা কর্তৃপক্ষ এই সংখ্যার দ্বিগুণ কর্মী নেবে।

কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান মন্ত্রী।

তিনি আরও উল্লেখ করেন যে, মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট ৫৫টি ট্রেডে মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের চলমান উন্নয়নযজ্ঞে অংশ নিতে বাংলাদেশ থেকে পর্যাপ্ত সংখ্যক দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সফররত শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

এসময় ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। তাদের মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।

তিনি বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নেওয়ার বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কাতারে অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে ২টি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়াও বিভাগীয় শহরে ভিসা সেন্টারের সংখ্যা বৃদ্ধির অনুরোধের প্রেক্ষিতে কাতারের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন যে, বিষয়টি বাস্তবায়নের জন্য তিনি ব্যক্তিগতভাবে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

যৌথ কমিটির এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেয়ারা আলী মাহদি সাঈদ আল কাহতানি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ; প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করেন। ছবি: ঢাকা মেইল
সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায় তিনি একথা জানান। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলের প্রার্থীদের নামও ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের মেয়র প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

পরে দলের প্রধান ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের কার্যক্রম নিয়ে কথা বলেন।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Oplus_131072

দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

কালের আলো/এসএকে