শ্রমবান্ধব কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
শ্রমবান্ধব কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি শ্রমিকের জন্য ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, শিল্প খাতে শ্রমিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধ পরিকর। প্রতিটি শ্রমিকের স্বাধীনতা, কর্মসংস্থান, কর্মদক্ষতা ও কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমজীবী নারী, কৃষক কার্ডের মাধ্যমে শ্রমজীবী কৃষকের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়েছে সরকার।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেয়া না গেলে, শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মালিক, শ্রমিক ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। শ্রমখাতের সকল অসংগতি দূর করতে সরকার কাজ করছে।
এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও’র ১০টি কনভেনশনেই বাংলাদেশ অনুসমর্থন দিয়েছে জানিয়ে তিনি বলেন, আইএলও কনভেনশন বাস্তবায়নে শিল্পখাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থেই সরকার এর বাস্তবায়ন চায়।
কালের আলো/এম/এএইচ


আপনার মতামত লিখুন
Array