খুঁজুন
                               
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তিত ডিজিটাল তথ্যব্যবস্থার জটিল সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানদাতা। তাদের সৃজনশীল জ্ঞান ও অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি সম্ভব।

শনিবার (২ মে) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে উপমা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র একটি গাড়ির মতো। এতে মালিক হলেন জনগণ আর চালকের আসনে থাকেন নির্বাচিত বা অনির্বাচিত সরকার। চালক ভুল বা অপরাধ করলে স্টেকহোল্ডারসহ যাত্রীরা নানা অভিযোগ করেন। এরপরও আসন থেকে উঠতে চাননি চালক। কিন্তু শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বের করে দিয়েছেন মালিকরা। এরপর নতুন চালক নিয়োগ করেছে সবাই। তবে স্বাভাবিকভাবেই এ চালক ঘাবড়ে ছিলেন। কারণ আগের চালককে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়ার দৃশ্য দেখেছেন তিনি। এরপর সবার স্বতঃস্ফূর্ত জনমতে নতুন চালক হিসেবে নিয়োগ পেয়েছে আমাদের সরকার। এ সরকার সবার কথাই খুব বিনয়ের সঙ্গে ও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে।

তিনি বলেন, নতুন চালক এলেও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আগেই চুরি হয়ে গেছে। ইঞ্জিনও নষ্ট। এমন পরিস্থিতিতে নতুন চালকের জন্য গাড়ি চালানো অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে উদ্যোগ নিতে গেলেও যেমন সমালোচনার মধ্যে পড়তে হবে, না নেওয়ার মধ্যেও সমালোচনার মুখোমুখি হতে হবে। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য একটি রাজনৈতিক সরকার যখন দায়িত্ব নেয়, তখন তাকে এই মনোজগৎ বোঝার জন্য একজন বিজ্ঞানী হতে হয়। এ কারণেই রাজনীতি সম্পর্কিত বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি নির্দিষ্ট ভূখণ্ডের গঠিত রাষ্ট্রের জনগণের ভবিষ্যৎ এবং বর্তমানকে নিশ্চিত করার একটা ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান।

মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগনির্ভর বক্তৃতা বা সাহিত্য নয়। বরং এটি একটি বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। একটি সরকারকে অতীত অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। ক্ষমতার ভেতরে এমন কিছু ভাইরাস থাকে, যা রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে নিয়ন্ত্রণ না করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এছাড়া অ্যান্টিভাইরাস না থাকলে নতুন ভাইরাস দেবতাকেও শয়তানে পরিণত করতে পারে।

ডিজিটাল যুগের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রজন্ম যে ইকোসিস্টেমে বড় হয়েছে, তা আগের প্রজন্মের অভিজ্ঞতা থেকে ভিন্ন। আমাদের পূর্ব প্রজন্মকে যেমন বুঝতে হবে যে, এই ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে মিলিয়ে কীভাবে সৃজনশীলতা চর্চা করতে পারি। যদি এটা করা যায়, তাহলেই হবে সবচেয়ে বড় অর্জন। তবে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে এ সমাধানের যাত্রাবিন্দু। তাদের কাছ থেকেই বড় ধরনের সমাধানের অংশীদারের দায়িত্ব পেতে পারি আমরা। আমরা যেমন জেন-জির কাছ থেকে নানারকম সঠিক-বেঠিক জ্ঞান নিচ্ছি। তেমনি এ ধরনের ফ্রিডম অব প্রেসকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ বাস্তবতাতে সবার কাছে গ্রহণযোগ্য রোডম্যাপ কী হতে পারে, তার জন্যও গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে এ প্রজন্ম।

তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শুধু অবাধ তথ্যপ্রবাহই যথেষ্ট নয়, তা হতে হবে সঠিক ও পরিচ্ছন্নও। ফ্রি ইনফরমেশনের পাশাপাশি ক্লিন ইনফরমেশন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। সভ্যতার জন্য তথ্য এক ধরনের অক্সিজেন সমতুল্য বিষয়। তাই এমন অক্সিজেন সমতুল্য তথ্য প্রবাহের বিষয়টিকে আমাদের অবশ্যই সুনিশ্চিত করতে হবে। এটাই হওয়া উচিত আমাদের এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিশ্রুতি।

আলোচনা সভায় নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে অংশ নেন।

কালের আলো/এসএকে

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।

এরআগে দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী মাররির বিশেষ সখ্যতা রয়েছে। প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরকালে আল মাররি অন্যান্য উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি,’ ফোনে জানানো যাবে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি,’ ফোনে জানানো যাবে অভিযোগ

সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন একটি সেবা। এটির মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসনে ফোন করে তাঁদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

ফরিদা খানম বলেন, আমরা ‘হ্যালো ডিসি’ নামে একটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে প্রান্তিক পর্যায়ের মানুষ তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। আমরা জেলা প্রশাসন থেকে গণশুনানি করে থাকি। এর বাইরেও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ‘হ্যালো ডিসি’ সেবা চালু থাকবে। এতে নাগরিকেরা সহজেই তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া জেলা প্রশাসন নিয়ে কোনো পরামর্শ থাকলেও তা জানাতে পারবেন। শিগগিরই এ বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরব।

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আশ্বাস দিয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম আরও বলেন, বর্তমানে অনলাইন জুয়ার প্রকোপ দেখা যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো সংকটে না পড়ে, সে জন্য মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে চাই। বিভিন্ন সেলিব্রিটিকে দিয়ে জনসচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচারে ঢাকা জেলা প্রশাসন উদ্যোগ নেবে।

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা’ শীর্ষক এই আয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া আমাদের সামনে উঠে আসে। ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম আপনাদের চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরবেন।

মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) এই মতবিনিময় সভায় অংশ নেন। তাঁদের মধ্যে সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মতবিনিময় সভায় কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খান, সহসভাপতি এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার সম্পাদক রকি আহমেদ, কার্যনির্বাহী সদস্য আজহারুল ইসলাম সুজনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন

ঢাকায় বাসার বেজমেন্টে মিললো ৭ টুকরা মরদেহ, মোড়ানো ছিল পলিথিনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
ঢাকায় বাসার বেজমেন্টে মিললো ৭ টুকরা মরদেহ, মোড়ানো ছিল পলিথিনে

রাজধানীর মুগদায় বাসার বেজমেন্টে সাত টুকরা করা একটি মরদেহ পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহটি পলিথিনে মোড়ানো ছিল।

পুলিশ রোববার (১৭ মে) মান্ডা এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ভবন শাহনাজ ভিলা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, ‘আমরা খবর পেয়ে মান্ডার আব্দুল করিম রোডের শাহনাজ ভিলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পঁচাগলা ও পলিথিনে মোড়ানো মরদেহ দুপুর দেড়টার দিকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

এসআই রায়হান জানান, নিহত ব্যক্তির গলার নিচ থেকে পেট পর্যন্ত চিরে দেওয়া এবং দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা। ডিএনএ নমুনা ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

কালের আলো/এসআইপি