রাজশাহীতে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি’র মতবিনিময় সভা
রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে হোটেল-মোটেল মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলের মালিক এবং ব্যবস্থাপকরা অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী মালিক ও ব্যবস্থাপকরা জানান, বর্তমানে তারা কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না। একই সঙ্গে রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির হোটেল ও মোটেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর রাখার পাশাপাশি আগত অতিথিদের জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য বৈধ পরিচয়পত্র যাচাই এবং তথ্য সংরক্ষণের নির্দেশনা দেন। বিদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে অবহিত করারও আহ্বান জানান তিনি।
এছাড়া হোটেল-মোটেলে অসামাজিক কার্যকলাপ, জুয়া, মাদকসেবন ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মালিক ও ব্যবস্থাপকদের সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ কমিশনার। তিনি প্রতিষ্ঠানের কর্মচারীদের বিস্তারিত তথ্য সংরক্ষণ এবং তাদের কার্যক্রম নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনার বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরএমপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, চলতি দায়িত্ব) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো. গাজিউর রহমান পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array