খুঁজুন
                               
, ,
           

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে জানা গেছে এ তথ্য। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। এই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তিনি।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত সুপরিচিত আইরিন খান। তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে দক্ষতা বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কালের আলো/এসএকে

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন বরিশালের।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন।

চলতি মাসে আক্রান্ত ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

দুপুরে জাতীয় সংসদে এসে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালের আলো/এসএকে

ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ। প্রতিদিনের মতো সেখানেই দায়িত্ব পালন করেন এক সাধারণ সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। কিন্তু দায়িত্ব পালনের পাশাপাশি তার আরেকটি নীরব অভ্যাস ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকা। সেই দৃশ্য নীরবে লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রীও। অবশেষে সেই আব্দুস সালামকে বিশেষ উপহার পাঠিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে কিছু উপহারও তুলে দেন। এ সময় আব্দুস সালামের শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি।

আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। অর্থাভাবে গত আট মাস ধরে রাজধানীর পুরাতন রমনা থানার সামনের একটি ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর তিনি আর গাড়ি চালাতে পারেন না। তারপর থেকেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে এই সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি। অসুস্থ শরীর নিয়েই বিরতিহীনভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করেন তিনি।

প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সেক্রেটারির আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য উপহার নিয়ে পাঠান।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে আর প্রধানমন্ত্রী আমার জন্য উপহার পাঠাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি সব দিনই প্রধানমন্ত্রীকে সালাম দেই, তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে হেসে সালামের উত্তর দেন। হাত নেড়ে শুভেচ্ছাও জানান। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

একজন সাধারণ মানুষের নীরব ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক সাড়া স্থানীয়দের মধ্যেও প্রশংসার জন্ম দিয়েছে। তারা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির এমন মূল্যায়ন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত।

কালের আলো/এসএকে