খুঁজুন
                               
, ,
           

যুগ্মসচিব পদে পদোন্নতি আসছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
যুগ্মসচিব পদে পদোন্নতি আসছে

সিভিল প্রশাসনের দুই ব্যাচে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিতে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার (৯ জুলাই) পদোন্নতির আদেশ জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দিচ্ছে সরকার।

বাদপড়া কর্মকর্তাদের পদোন্নতি দিতে সার-সংক্ষেপ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। পদোন্নতি দিতে এর আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় সুপারিশ করা হয়েছে।

২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনেরও বেশি কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে।

এর আগে ২৪তম ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিল। পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয় ১৯০ জন (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)।

আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয়। বাকিদের পরে পদোন্নতি দেওয়া হবে।

২৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই ৮০ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং তাদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। জেলা প্রশাসক বা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুই ব্যাচের প্রায় দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন। তবে দুই ব্যাচে যেসব কর্মকর্তা মামলা সংক্রান্ত জটিলতায় আছেন তাদের পদোন্নতি বিবেচনায় নেওয়া হচ্ছে না।

অন্যদিকে প্রশাসন ক্যাডারের সমান্তরালে অন্য ২৫টি ক্যাডারের কর্মকর্তারাও (যারা ২৫তম ব্যাচের) সুপিরিয়র সার্ভিসে পদোন্নতির জন্য কাজ করছেন, তবে কোটা প্রথা এবং বিভিন্ন শর্তের কারণে তাদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও অসন্তোষ রয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

রাজশাহী জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতা স্থগিত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
রাজশাহী জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতা স্থগিত

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ শনিবার (৮ আগস্ট)  থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে যে জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক জানিয়েছেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। মন্ত্রণালয়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সেপ্টেম্বর  মাসের দ্বিতীয় সপ্তাহে (১০ সেপ্টেম্বরের মধ্যে) ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ শুরু হওয়ার নতুন তারিখ নির্ধারিত হয়েছে। এর আগে টুর্নামেন্টটি ৯ আগস্ট উদ্বোধনের কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তা পিছিয়ে সেপ্টেম্বরে নেওযা হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ব্যাংক খাতে নির্ভরতা বেড়েছে সরকারের

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ব্যাংক খাতে নির্ভরতা বেড়েছে সরকারের

রাজস্ব আদায়ে ঘাটতি এবং অভ্যন্তরীণ আয় কমে যাওয়ায় পরিচালনা ব্যয় মেটাতে ব্যাংক খাতের ওপর নির্ভরতা বেড়েছে সরকারের। এক বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ বেড়েছে ১ লাখ ২ হাজার ৭৫৩ কোটি টাকা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তার কারণে দেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক ও চামড়াশিল্পের চাহিদা বহির্বিশ্বে কমে গেছে।

জানা যায়, বেসরকারি খাতে যেখানে প্রয়োজনীয় পুঁজির তীব্র সংকট দেখা দিয়েছে, সেখানে ব্যাংক খাত থেকে সরকারের অর্থ তুলে নেওয়ার হার আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ২০২৫-২৬ অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে মোট ১ লাখ ৩৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এই অঙ্ক কেবল বিশালই নয়, বরং অর্থ বছরের শুরুতে সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৩০ হাজার ৫৭১ কোটি টাকা বেশি।

এমনকি গত এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার হার বেড়েছে প্রায় ৭৭ শতাংশ। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে। বিশ্লেষণ বলছে, রাজস্ব আদায়ে বড় ধরনের স্থবিরতা এবং অন্য খাত থেকে কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহ করতে না পারার কারণে সরকারকে তার দৈনন্দিন ও পরিচালন ব্যয় মেটাতে বাধ্য হয়ে বাণিজ্যিক ব্যাংকের কাছে যেতে হচ্ছে।

নতুন অর্থবছরেও সরকারের ব্যাংক নির্ভরতার চিত্রে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। বরং চলতি অর্থবছরের প্রথম ১৩ দিনের মধ্যেই সরকার ব্যাংক খাত থেকে অতিরিক্ত ৯ হাজার ২০৯ কোটি টাকা তুলে নিয়েছে। শুরুতেই এত পরিমাণ ঋণ নেওয়ার প্রবণতা নির্দেশ করে, সরকারের ট্রেজারি ব্যবস্থাপনায় ঘাটতি প্রকট আকার ধারণ করেছে।

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ব্যবস্থার ওপর সরকারের নির্ভরতা হুট করে বাড়েনি। দেশের সামগ্রিক অর্থনীতিতে বেশ কিছু সংকট তৈরি হওয়ার কারণেই সরকার ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিতে বাধ্য হচ্ছে।

কালের আলো/এম/এএইচ

নেত্রকোনায় আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে বিজিবি

নেএকোনা প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
নেত্রকোনায় আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে বিজিবি

নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ আগস্ট) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন

শুক্রবার রাতে দিকে নেত্রকোনা সদর উপজেলার বড় বাজারের খাসিমহল এলাকায় মজুমদার ইলেকট্রনিক্সসহ আশপাশের কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, আগুন লাগার খবর পেয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক তাৎক্ষণিকভাবে এক প্লাটুন বিজিবি সদস্যকে ঘটনাস্থলে পাঠান।

পরে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি আশপাশের দোকান, স্থাপনা ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করেন এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন।

আগুনে মজুমদার ইলেকট্রনিক্স, সুচিত্রা খেলনা ঘরসহ মোট ছয়টি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও তথ্য জানানো হয়নি।

বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কালের আলো/এএইচ/এমএসআইপি