খুঁজুন
                               
, ,
           

অন্য বছরের তুলনায় মশার উপদ্রব কমেছে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অন্য বছরের তুলনায় মশার উপদ্রব কমেছে: ডিএনসিসি প্রশাসক

‎বিগত বছরগুলোর তুলনায় এ বছর মশার উপদ্রব কমেছে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুর পীরেরবাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

‎ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। যারফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, সিটি করপোরেশন ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

‎পীরেরবাগে পানির পাম্প স্থাপনের বিষয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এখানে পানির পাম্প নির্মাণের কাজ শুরু হবে। এতে এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

কাতারে গত বিশ্বকাপে মরক্কোর চমক থেমেছিল ফ্রান্সের কাছে। সেমিফাইনালে তারা ২-০ গোলে হেরেছিল। এবার আরেক ধাপ আগেই দুই দল মুখোমুখি হচ্ছে। গত হারের শোধ কি নিতে পারবে মরক্কো। ফেভারিট ফ্রান্স, কিন্তু তাদের হারানো অসম্ভব নয়, এই বিশ্বাস রেখে মাঠে নামতে পারে মরক্কো। কিছু ফ্যাক্টর আফ্রিকানদের মনে ফ্রান্সবধের বিশ্বাস এনে দিচ্ছে।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভয়ডরহীন

চলতি বিশ্বকাপের শুরুতেই মরক্কো স্পষ্ট বার্তা দিয়েছিল। তারা কারও বিপক্ষে আত্মসমর্পণ করবে না। হার না মানা লড়াই করবে, এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও।

ব্রাজিলিয়ানদের ওপর প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেছিল মরক্কো। ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলের ড্রয়ে। ২০২২ বিশ্বকাপে তারা আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে শেষ ষোলোতে টাইব্রেকারে হারিয়েছিল।

এছাড়া পর্তুগাল ও বেলজিয়ামের মতো শীর্ষ স্তরের দলকেও পরাজিত করেছিল তারা। তবে সেমিফাইনালে ফ্রান্স তাদের থামিয়ে দিয়েছিল। বিশ্বকাপের আগের পরিবর্তন কাজে লেগেছে

২০২২ বিশ্বকাপের দৃশ্যপট ফিরিয়ে এনে এই বছরের টুর্নামেন্ট শুরু করেছে মরক্কো। টুর্নামেন্টের আগ দিয়ে কোচিংয়ে পরিবর্তন এনেছিল।

মরক্কো কর্মকর্তাদের চাওয়া ছিল, ২০২২ সালের মতো কাউন্টার অ্যাটাক থেকে গোল করে প্রতিক্রিয়া দেখানো নয়, খেলায় দাপট ধরে রাখাই হবে প্রধান কাজ। মোহামেদ ওয়াহবির দল সেই কাজ ঠিকঠাক করে যাচ্ছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে নকআউট পর্বের কথাই ধরুন। আধিপত্য ধরে রেখে তারা টাইব্রেকারে জিতেছিল। ইতোমধ্যে তারা টুর্নামেন্টে ১০ গোল করেছে, যা আফ্রিকান দলের রেকর্ড। তাদের পাশে আছে সেনেগাল।

ফ্রান্সের নাড়িনক্ষত্র জানেন হাকিমি

হাকিমি পিএসজিতে খেলেছেন। ফ্রান্সের আক্রমণের দৌড় ভালোভাবে জানা তার। তিনি জানেন, ফরাসি খেলোয়াড়রা কোন কৌশলে তাদের কাবু করতে পারে। মরক্কান জাতীয় দলের একজন প্রধান খেলোয়াড় হাকিমি। কয়েক বছর এমবাপের সঙ্গে খেলেছেন এই ফুলব্যাক এবং পিএসজিতে এখনো তিনি দেম্বেলে, দুয়ে ও বারকোলার সতীর্থ।

সর্বোচ্চ স্তরে থাকা খেলোয়াড়রা

বিশ্বের সেরা রাইট ব্যাক মনে করা হয় হাকিমিকে। কিন্তু মরক্কান দলে তিনিই একমাত্র তারকা খেলোয়াড় নয়।ইসমাইল সাইবারি বাদ পড়লেও মিডফিল্ডে আছেন বুয়াদ্দি ও আল আইনুনি। তারা যথাক্রমে লিল ও রোমায় খেলে নিজেদের সম্ভাবনার প্রমাণ দিয়েছেন।তারা বাদেও সর্বোচ্চ স্তরে খেলা মাজরাউই (ম্যানইউ) ও ব্রাহিম দিয়াজের (রিয়াল মাদ্রিদ) মতো খেলোয়াড় আছেন।

পেনাল্টি কিকের মাস্টার

ম্যাচ যদি পেনাল্টিতে যায়, তাহলে মরক্কো এগিয়ে থাকবে। কারণ খুব কম দলই তাদের মতো দারুণ প্রস্তুতি সেরে রেখেছে।

গত বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়াসিন বোনো। সোলার ও বুসকেটসকে পেনাল্টিতে রুখে দেন তিনি। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সামরভিলের পেনাল্টি রুখে দিয়েই তো মরক্কোকে শেষ ষোলোতে তোলেন তিনি।

কালের আলো/জেএন/এমএসআইপি 

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

অপেক্ষার অবসান! জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। এবারের চ্যাপ্টার সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবলের আবহে। আজ থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে (Bongo) উপভোগ করা যাচ্ছে নতুন এই পর্বগুলো।

সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ গলায় পলিপজনিত সমস্যার কারণে নির্মাতা অমিকে সাময়িকভাবে শুটিং কার্যক্রম স্থগিত করতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সম্পূর্ণ কথা বলা নিষেধ ছিল এবং পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হয়েছিল। এর ফলেই চ্যাপ্টার ১৩-এর শুটিং সম্পন্ন করতে বিলম্ব হয় এবং রিলিজ পিছিয়ে যায়। তবে দর্শকদের ভালোবাসার কথা মাথায় রেখে, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করে এই চ্যাপ্টারটিকে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছেন তিনি।

এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় চমক এর ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের প্রিয় চরিত্রগুলোকে এবার দেখা যাবে ফুটবল মাঠে এক অন্যরকম লড়াইয়ে অবতীর্ণ হতে। ব্যাচেলররা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল মাঠে তুমুল উত্তেজনাপূর্ণ এক ম্যাচে অংশ নিচ্ছেন। এটিকে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

রিলিজ শিডিউল প্রসঙ্গে নির্মাতার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আজ ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম ৪টি পর্ব (পর্ব ৯৭ থেকে ১০০) বঙ্গ-তে মুক্তি পেয়েছে। অন্যদিকে, বাকি ৪টি পর্ব (পর্ব ১০১ থেকে ১০৪) আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ এর আলোকে এই শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্য প্রচলিত রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপরা। এছাড়া বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।

কালের আলো/এএইচ/এমএসআইপি