খুঁজুন
                               
, ,
           

ঘণ্টায় ২০০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
ঘণ্টায় ২০০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

এবার ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি ১৯৮৭ সালের পর আকারের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন হতে পারে। সম্ভাব্য এ দুর্যোগ মোকাবিলায় চীন ও তাইওয়ানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাইওয়ানে ২৯ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ‘বাভি’ সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। এমন সময় এটি আঘাত হানতে যাচ্ছে, যখন কিছুদিন আগেই টাইফুন ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীনের বিভিন্ন অঞ্চল।

তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তাইপের আশপাশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রেখেছে।

কর্তৃপক্ষের ধারণা, ২০২৪ সালের ‘কং-রে’ টাইফুনের পর এটিই হতে পারে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। ওই টাইফুনে তিনজনের মৃত্যু হয়েছিল।

আবহাওয়াবিদদের মতে, প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত ‘বাভি’ ১৯৮৭ সালের পর আকারের দিক থেকে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হতে পারে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে আগামী শনিবার সন্ধ্যায় টাইফুনটি চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের পূর্বাভাস কর্মকর্তা জেসন চ্যাং রয়টার্সকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এত বড় আকারের ঝড় খুব কমই দেখা গেছে। তার মতে, ১৯৮৭ সালের পর বিস্তৃতির দিক থেকে এটিই হতে পারে সবচেয়ে বড় টাইফুন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে টাইফুন ‘মায়সাক’-এর আঘাতে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংসি অঞ্চলে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, এখনও নয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চীন, জাপান ও তাইওয়ান ক্রমেই শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে। এ বছর এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও ঘন ঘন এবং শক্তিশালী টাইফুন সৃষ্টি হতে পারে।

বাণিজ্যিক আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের বিশেষজ্ঞ জেসন নিকোলস বলেন, বৃহস্পতিবার থেকে বাভির বাতাসের গতি কিছুটা কমতে পারে। তবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাইওয়ান ও পূর্ব চীনে এটি অত্যন্ত বিপজ্জনক ঝড় হিসেবেই আঘাত হানবে।

এদিকে জাপানের ওকিনাওয়া অঞ্চলে প্রবল বাতাস, ভূমিধস, বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় শুক্রবার ও শনিবারের জন্য সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

অন্যদিকে বেইজিং নিউজ জানিয়েছে, টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে বিনইয়াং কাউন্টির একটি খামারে দুই দিন পানির নিচে ডুবে থাকার পর অসংখ্য শূকরের মৃত্যু হয়েছে।

গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, গুয়িগাং চিড়িয়াখানায় বন্যার পানিতে তিনটি সিংহ মারা গেছে। এছাড়া দুটি জেব্রা, চারটি সজারু, অসংখ্য টিয়া পাখি এবং উত্তর আমেরিকার দুটি র‌্যাকুনসহ প্রায় ১০০টি প্রাণী এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক ওয়াং লিয়ুয়ান।

টাইফুনের প্রভাবে জাপান এয়ারলাইন্স শুক্রবারের (১০ জুলাই) ৪৮টি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এতে প্রায় ৭ হাজার ৬১০ যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন। অল নিপ্পন এয়ারওয়েজও শুক্রবার ৩৪টি এবং শনিবার আরও ৩৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এতে দুই দিনে প্রায় ৭ হাজার ৭০০ যাত্রী ভোগান্তিতে পড়বেন।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ঘূর্ণিঝড়বিষয়ক গবেষক শিয়াংবো ফেং বলেন, দীর্ঘ সময় উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির ওপর অবস্থান করায় ‘বাভি’ বিপুল শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে।

তার ভাষ্য, উপকূলে আঘাত হানলে টাইফুনটি ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। এমনকি ঝড়ের গতিপথে সামান্য পরিবর্তনও ক্ষয়ক্ষতির মাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে দিনের প্রথম কর্মসূচিতে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে তিনি নান্দাইলে শশা চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলস কাজ করছে।

তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ফ্লোরিডা বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়েছে। দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এই সংক্রান্ত একটি আইনি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।

এদিন ট্রাম্প পরিবারের ব্যক্তিগত ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত বোয়িং-৭৫৭ উড়োজাহাজ অবতরণের মাধ্যমে এই নাম পরিবর্তন উদযাপন করেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। বিমানবন্দরটি ট্রাম্প পরিবারের মার-আ-লাগো গলফ রিসোর্ট ও আবাসনের কাছেই অবস্থিত।

এরিক ট্রাম্প বলেন, ‘পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতো আর কেউ এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। সম্ভবত পুরো ফ্লোরিডাতেও নয়।’

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বের হওয়া প্রধান সড়কের নাম আগেই ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বুলেভার্ড’ রাখা হয়েছে।

এ পরিবর্তনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি শিগগিরই বিশ্বের সবচেয়ে সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর একটি হবে!’

এএফপি জানিয়েছে, প্রায় অর্ধশতাব্দী ধরে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এই বিমানবন্দরের এই নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় এবং নতুন সাইন বোর্ড স্থাপনে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দায়িত্বরত কোনো রাষ্ট্রপতির নামে কোনো বিমানবন্দরের নামকরণ করা হলো। এর আগে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা ভেঙে গত মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন ট্রাম্প। এছাড়া জাতীয় উদ্যানের প্রবেশ পাসে ইতোমধ্যে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। ‘ট্রাম্প ক্লাস’ নামে একটি নৌযানের নতুন শ্রেণিও ঘোষিত হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে ডা. জাহিদ

ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ওআইসিভুক্ত ৫৭টি দেশের নারীদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে নবম নারী বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালের আলো/জেএন/এমএসআইপি