খুঁজুন
                               
, ,
           

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রকাশ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের গত বছরের (২০২৫ সাল) বৃত্তি পরীক্ষার ফলাফল। এ বছর বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণে পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, বৃত্তির বিভিন্ন ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তুলে ধরা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

যেভাবে জানা যাবে ফলাফল

শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে উচঊ লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণস্বরূপ- রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে উচঊ ১২৩৪৫৬ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আইপিইএমআইএস (ওচঊগওঝ) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

কালের আলো/এসআর/এএএন

চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপিত হবে ক্যাথ ল্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপিত হবে ক্যাথ ল্যাব

চলতি বছরেই সারাদেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি ও ভুল পরীক্ষার ফাঁদ বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ভুল বা ত্রুটিপূর্ণ পরীক্ষার ফাঁদে পড়ে যেন জনগণের স্বাস্থ্য বিঘ্নিত না হয়, সেজন্য ল্যাব পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ানও প্রস্তুত করা হচ্ছে।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও টেকসই উন্নয়নের জন্য একটি সুস্থ, দক্ষ এবং গুণগত মানসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা প্রবীণ হয়ে যাচ্ছি, তাই দেশের ভবিষ্যৎ পরিচালনার জন্য একটি যোগ্য ও মানসম্মত তরুণ সমাজ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমরা সমাজে তরুণদের অবক্ষয় রোধে কঠিন মাদকবিরোধী আইন, অনলাইন জুয়াসহ জুয়াবিরোধী আইন এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর আইন পাস করেছি। সমাজ থেকে সব ধরনের অনিয়ম দূর করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেওয়া বিভিন্ন মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চলতি অর্থবছর থেকেই দেশের প্রতিটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম শুরু হচ্ছে। দেশের প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য সহকারী কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সংস্কার (রিনোভেট) করা হবে। প্রতিটি কেন্দ্রে উন্নত স্ক্রিনিং বক্সের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ হাজারই হবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী কাউন্সেলিং করবেন। এর মূল উদ্দেশ্য—প্রসূতি মায়েদের সচেতনতা বৃদ্ধি, স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) উৎসাহিত করা, নবজাতকের মায়ের বুকের দুধ পানের হার বাড়ানো এবং শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা।

তিনি আরও জানান, প্রতিটি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রতি জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার করার কাজ শুরু হয়েছে। গরিব মানুষকে যেন চিকিৎসার জন্য ঢাকা বা বিভাগীয় শহরে দৌড়াতে না হয়, সেজন্য প্রতিটি উপজেলা হাসপাতালেও ১০ শয্যার ডায়ালিসিস সেন্টার করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এসব ল্যাব পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ প্রস্তুত করা হবে।

বাংলাদেশের চিকিৎসা খাতের অগ্রগতি ও চিকিৎসকদের মেধার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা যদি কখনো আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে যান, তবে দেখতে পাবেন এর সৌন্দর্য ও চিকিৎসাসেবা বিশ্বের যেকোনো উন্নত সার্জারি ইনস্টিটিউটের সমকক্ষ। আমি নিজে সেখানে একটি অপারেশন দেখেছি, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক চিকিৎসকের মাথা থেকে হাড়ের অংশ সাময়িকভাবে অপসারণ করে (চিকিৎসার প্রয়োজনে) এক মাস সংরক্ষণ করে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে গেছেন। এটাই আজকের বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের প্রকৃত চিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন 

হরমুজে জাহাজে হামলায় ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
হরমুজে জাহাজে হামলায় ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ হামলায় জাহাজে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলায় এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন হামলার পর জিএফএস গ্যালাক্সি নামের ওই জাহাজটিতে আগুন লেগে যায়। এর পরিপ্রেক্ষিতে নাবিকরা জাহাজটি পরিত্যাগ করেন।

ভারত সরকার জানিয়েছে, জাহাজে থাকা ১১ নাবিকের সবাই ভারতীয়। তাদের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার তীব্র নিন্দা জানাই। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন।”

এদিকে, জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরান তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যকার সংঘাত উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।

ইরান বলেছে, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে।

আইআরজিসি জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা হামলা শুরু করে। ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: এনডিটিভি

কালের আলো/জেএন/এমএসআইপি 

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাতে ইতিহাস তৈরি হয়েছে। ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এই প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে।

সবার আগে ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। তারা ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারায় আরেক কোয়ার্টার ফাইনালে। তারা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল। ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে। চার নম্বরে থেকে তারা বিশ্বকাপ খেলতে নেমেছিল। আর আর্জেন্টিনা ছিল শীর্ষে।

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার নিয়মে একটি পরিবর্তনের কারণে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডের জন্য এই পথটি সহজ হয়েছিল। তাদের ড্রয়ের আলাদা আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল। যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হতে পারে। সেটা ঘটার জন্য তাদের প্রত্যেককে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, হয়েছেও।

ড্রয়ের এই ভিন্ন বিন্যাসের কারণে ফাইনালের আগে স্পেনের সাথে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না। এছাড়া, ইংল্যান্ড ও ফ্রান্সকে নকআউটের বিপরীত পাশে রাখা হয়েছিল। যাতে তারা সবাই এগিয়ে গেলে সেমিফাইনালে স্পেন অথবা আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

এখন সেমিফাইনালে মঙ্গলবারে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন এবং বুধবারে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু হলেও সে বছরের টুর্নামেন্টে এটি ব্যবহার করা হয়নি। এর আগে বেলজিয়াম (২০২২), জার্মানি (২০১৮), স্পেন (২০১৪), ইতালি (২০১০) ও ফ্রান্স (২০০২) শীর্ষ চারে থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালের পর থেকে বাকি বিশ্বকাপগুলোতেও শীর্ষ র‌্যাঙ্কিংয়ের সব দল একসাথে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি