৬২ বছরের ক্যারিয়ারে প্রথমবার শিল্পকলায় একক সংগীতসন্ধ্যায় রুনা লায়লা
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। এবার সেই গানের ভাণ্ডার থেকেই বেছে নেওয়া জনপ্রিয় কিছু গান নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় মঞ্চে উঠছেন তিনি।
আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজে এবং শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।”
জানা গেছে, এই সংগীতসন্ধ্যায় নিজের দীর্ঘ সংগীতজীবন থেকে বেছে নেওয়া প্রায় ১০টি জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন রুনা লায়লা। শ্রোতাদের প্রিয় গানগুলো দিয়েই সাজানো হচ্ছে পুরো আয়োজন।
পারিবারিক কারণে প্রায় এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছেন এই কিংবদন্তি শিল্পী। শিল্পকলা একাডেমির অনুষ্ঠান শেষ করে আবারও দেশের বাইরে যাবেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান পরিবেশন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির একক সংগীতসন্ধ্যার ধারাবাহিকতায় এর আগে মঞ্চ মাতিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। এবার সেই সম্মানজনক আয়োজনে যুক্ত হচ্ছেন রুনা লায়লা।
কালের আলো/এসএ





আপনার মতামত লিখুন
Array