খুঁজুন
                               
, ,
           

ফাইনালের স্বপ্নে দুই জায়ান্টের লড়াই, আজ মুখোমুখি স্পেন-ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
ফাইনালের স্বপ্নে দুই জায়ান্টের লড়াই, আজ মুখোমুখি স্পেন-ফ্রান্স

বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। শিরোপার মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূরে থাকা দুই দলই মাঠে নামবে জয় ছাড়া অন্য কিছু না ভেবে। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই সেমিফাইনাল।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। নকআউট পর্বে তারা পরাজিত করেছে পর্তুগাল ও বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে। অন্যদিকে ফ্রান্সও রয়েছে দারুণ আত্মবিশ্বাসে। রাউন্ড অব সিক্সটিনে প্যারাগুয়েকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল।

এই ম্যাচের অন্যতম আকর্ষণ দুই প্রজন্মের দুই তারকার লড়াই। ফ্রান্সের আক্রমণের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে। তাঁর গতি, অভিজ্ঞতা ও বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্য স্পেনের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে।

অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ইতোমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। ড্রিবলিং, সৃজনশীলতা ও আক্রমণাত্মক ফুটবলের কারণে তিনি হয়ে উঠেছেন স্পেনের অন্যতম বড় অস্ত্র। ফ্রান্সের রক্ষণভাগের জন্য ডান প্রান্তে ইয়ামালকে সামলানো বড় চ্যালেঞ্জ হতে পারে।

দুই দলের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মাঝমাঠের নিয়ন্ত্রণ, উইং দিয়ে আক্রমণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। স্পেনের শক্তি বল দখলে রেখে পরিকল্পিত আক্রমণ তৈরি করা। অন্যদিকে ফ্রান্স প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সের আগের লড়াইগুলোও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাম্প্রতিক সময়ে দুই দলই একে অপরকে হারিয়েছে। তাই পরিসংখ্যান কোনো দলকেই পরিষ্কারভাবে এগিয়ে রাখছে না।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচ হতে পারে টুর্নামেন্টের অন্যতম কঠিন লড়াই। স্পেনের দলগত ফুটবল ও ফ্রান্সের বড় ম্যাচের অভিজ্ঞতা—দুটিই নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য।

স্পেন শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ফ্রান্সকে চাপে ফেলতে পারে। তবে এমবাপ্পের নেতৃত্বে ফরাসি আক্রমণ সফল হলে মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।

একদিকে স্পেনের পাসিংভিত্তিক নিয়ন্ত্রিত ফুটবল, অন্যদিকে ফ্রান্সের গতিনির্ভর আক্রমণাত্মক কৌশল—দুই ভিন্ন ফুটবল দর্শনের এই লড়াইয়ে আজ নির্ধারণ হবে কে পাবে বিশ্বকাপ ফাইনালের টিকিট।

কালের আলো/এসএ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বগুড়ার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন তিনি।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য নিশ্চিত করেছেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানকালে মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন। পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।

গফফার জানান, উপহার পাওয়া রিকশার একটি ঢাকাতেই চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করবেন। আরেকটি ভাড়া দেবেন।

এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে তিনি অনেক কষ্টে জীবনযাপন করছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কালের আলো/এসএকে

চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে: বিমানমন্ত্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সুন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকৃর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখাও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা জাতীয় সম্পদ।

শনিবার (৮ আগষ্ট) সকালে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করেন। পরে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।

এ সময় তিনি আরও বলেন, সম্ভবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরো দর্শনীয় এবং যুগপোযোগি করতে বর্তমান সরকার সারা দেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়পোযোগি করতে নানা উদ্দ্যোগ নিচ্ছেন। আর তা বাস্তবায়নে কাজ করছেন। এরই অংশ হিসেবে চলনবিলের পর্যটন খাতকে নতুন রুপে সাজতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে নির্দেশে আমি চলনবিল পরিদর্শনে এসেছি। আর চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে।

তাড়াশ উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চলনায় ও সাবেক সভাপতি স.ম আফছার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিখি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান প্রমুখ।

কালের আলো/এসএকে

সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধান সংশোধনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করা হবে।

পাশাপাশি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মাতা নাজমা খাতুন লিপি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাবি সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালের আলো/জেএন/এমএসআইপি