শেখ হাসিনা ফিরলে স্বাগত, তবে বিচার হবে আইনি প্রক্রিয়নি: জাহেদ উর রহমান
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তাঁর বিচার স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে। একই সঙ্গে তাঁর জন্য ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করার কথাও জানান তিনি।
উপদেষ্টা বলেন, “আমরা শুরু থেকেই বলছি, তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তিনি যদি দেশে আসেন, তাহলে আইন অনুযায়ী সব প্রক্রিয়া চলবে।”
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, “তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন। তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে আনতে আমরা চেষ্টা করছি।”
বিচার ও দণ্ড কার্যকরের বিষয়ে তিনি বলেন, “সবকিছু স্বচ্ছ বিচারের মাধ্যমে হবে। আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত হবে। তিনি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, তাহলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
কালের আলো/এসএ





আপনার মতামত লিখুন
Array