প্রতিনিধি দলকে সংসদে ডেকে নিয়ে বসিয়ে রাখার অভিযোগ শিক্ষার্থীদের
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তারা দিনভর আন্দোলন শেষে সন্ধ্যায় জাতীয় সংসদের সামনে জড়ো হন। সেখানে আলোচনার আশ্বাসে তাদের একটি প্রতিনিধি দলকে ডেকে সংসদের ভেতরে নেওয়া হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে দেখা না করে দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা এই অভিযোগ করেন।
হামদর্দ পাবলিক কলেজ শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের কয়েকজন প্রতিনিধি ভেতরে নিয়ে আটকিয়ে রাখা হয়েছে। প্রথমে বলা হয়েছে, তাদের সঙ্গে ভেতরে কথা বলা হবে। কিন্তু তারা তাদের ব্যারিকেটের পেছনে নিয়ে আটকিয়ে রাখা হয়েছে দুই ঘণ্টা ধরে। এখন আবার বলা হচ্ছে ৯টা পর্যন্ত অপেক্ষা করতে।
সংসদ ভেতরে যাওয়া এক প্রতিনিধি আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলেন, আমরা ভেতরে প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। কিন্তু সংসদের কার্যক্রম চলছে বলে দুই ঘণ্টা ধরে বসিয়ে রেখেছে। এখন আমরা বের হয়ে এলাম।
এই শিক্ষার্থী বলেন, আমরা ভেতরের থাকা অবস্থায় বাইরে কেন লাঠিচার্জ করা হলো এ প্রশ্নের জবাব কে দেবে। সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ





আপনার মতামত লিখুন
Array