স্পেনে ফিরেই ভক্তদের উন্মাদনায় সিক্ত হলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। স্পেনের ওভিয়েদো শহরে তাঁকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। হাজারো সমর্থক রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন তাঁদের প্রিয় তারকাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে ঘিরে কয়েক দিনের এই উন্মাদনা ২০২৩ সালে হলিউড কিংবদন্তি মেরিল স্ট্রিপের সফরকে ঘিরে তৈরি হওয়া আলোচনাকেও ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন মেসি। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে এই পুরস্কার নেন তিনি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মান দেওয়া হয়েছে।
মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসবের আমেজ
উত্তর স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে মেসির আগমনকে ঘিরে ছিল উৎসবের আবহ। ব্যাগপাইপ ও ড্রামের বাদ্য, আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের উল্লাস আর রাস্তার দুপাশে ভক্তদের উপস্থিতি—সব মিলিয়ে তাঁকে বরণ করে নিতে শহরজুড়ে তৈরি হয় বিশেষ পরিবেশ।
প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ডের আয়োজনে মেসির উপস্থিতি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। মঞ্চে প্রিন্সেস লিওনরের কাছ থেকে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন আর্জেন্টাইন তারকা। গত জুনেই তাঁকে ক্রীড়াক্ষেত্রে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। পুরস্কার প্রদানকারী জুরিবোর্ড মেসিকে সর্বকালের অন্যতম সফল ফুটবলার হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের প্রশংসা করেছে।
মেসির প্রশংসায় প্রিন্সেস লিওনর
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ দিকে বিজয়ীদের উদ্দেশে বক্তব্য দেন প্রিন্সেস লিওনর। মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি ফুটবলে আর্জেন্টাইন তারকার অসাধারণ প্রভাব ও দলগত চেতনার গুরুত্ব তুলে ধরেন।
প্রিন্সেস লিওনর বলেন, একটি গোলের অপেক্ষায় থাকা মুহূর্তেও ফুটবল কীভাবে মানুষকে একই অনুভূতিতে একত্র করে, মেসির ক্যারিয়ার তার বড় উদাহরণ। তাঁর বক্তব্যে স্পোর্তিং গিহনের এক সাবেক খেলোয়াড়ের মন্তব্যও উঠে আসে। সেখানে বলা হয়, মেসি মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন এবং ব্যক্তিগত অহংকারের চেয়ে দলগত চেতনাকে প্রাধান্য দেন।
পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছেন মেসি
পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। তিনি লেখেন, ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়া তাঁর জন্য দারুণ সম্মানের। একই সঙ্গে অন্য পুরস্কারজয়ীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগার কথাও জানান তিনি।
১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড স্প্যানিশভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে পরিচিত। শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। মানবিক সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়গুলোও পুরস্কারটির বিবেচনায় থাকে। সম্মাননার সঙ্গে দেওয়া হয় ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
বার্সেলোনায় কেটেছে মেসির ক্যারিয়ারের দীর্ঘ সময়
মেসির ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে স্পেনের বার্সেলোনা। ২০০০ সালে ক্লাবটির বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার পর ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার আগ পর্যন্ত প্রায় ২১ বছর সেখানে কাটান তিনি। এই ক্লাবেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মেসি।
বার্সেলোনা ছাড়ার পর ফরাসি ক্লাব প্যারিস সাঁ-জার্মেইয়ে দুই মৌসুম খেলেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন এই আর্জেন্টাইন অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।
রাজকীয় সংবর্ধনায়ও অংশ নেন মেসি
স্পেন থেকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফেরার আগে রাজকীয় সংবর্ধনায় অংশ নেন মেসি। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় অন্য পুরস্কারজয়ীদের সঙ্গে কোভাদোঙ্গা কক্ষে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এবারের সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ দিক ছিল, স্পেনের রাজা ও রানির পরিবর্তে প্রিন্সেস লিওনর একাই এর আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও।
মেসির প্রশংসা করে স্পেনের এই কোচ বলেন, খেলাধুলা ও ফুটবলে মেসি যে ঐতিহ্য রেখে যাচ্ছেন, তা ব্যতিক্রমী। একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে তিনি বহু মূল্যবোধের অসাধারণ উদাহরণ। এভাবেই স্পেনে কয়েক দিনের সফরে পুরস্কার, রাজকীয় সংবর্ধনা আর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা লিওনেল মেসি।
কালের আলো/এসএ/টিসি
আপনার মতামত লিখুন
[gs-fb-comments]