খুঁজুন
                               
, ,
           

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পুরোপুরি চালু হলে দেশের মোট বিদ্যুতের প্রায় ১৫ শতাংশ সরবরাহ করবে। ২০২৮ সালের মধ্যে কেন্দ্রটির দুটি চুল্লি পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে। এতে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পদ্মা নদীর তীরে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের দুটি চুল্লির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটি এক দশকের বেশি সময় ধরে বাস্তবায়নের পথে রয়েছে। তবে মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাজের গতি ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে গেছে প্রকল্পটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাসান জানান, প্রথম চুল্লি ২০২৭ সালের শুরুতে এবং দ্বিতীয় চুল্লি ২০২৮ সালের শুরুতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে আসবে।

রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্পের মূল ব্যয় প্রায় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার। তবে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় স্থানীয় মুদ্রায় প্রকল্পের ব্যয় প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হলে এই অতিরিক্ত ব্যয় এড়ানো যেত এবং জ্বালানি আমদানির খরচও কমানো সম্ভব হতো।

তবে প্রকল্প কর্তৃপক্ষের দাবি, দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা এবং উৎপাদন ব্যয়ের দিক থেকে এই বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য লাভজনক হবে।

এদিকে সরকার ভবিষ্যতের জন্য ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ছোট কেন্দ্র নির্মাণের বিষয়ে বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। এসব কেন্দ্র নদীর তীরে দ্রুত নির্মাণ করা সম্ভব হবে। বড় আকারের নতুন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হলে আগামী পাঁচ থেকে সাত বছর দেশে নতুন ভিত্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজন হবে না। এতে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা আধুনিক করার সুযোগ তৈরি হবে।

বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফলভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল, শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, জনসমর্থন এবং ব্যবহৃত জ্বালানি নিরাপদে ব্যবস্থাপনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিশ্বব্যাপী বর্তমানে নির্মাণাধীন অধিকাংশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও চীনের প্রযুক্তিতে তৈরি হচ্ছে। একই সময়ে ভারত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বড় পরিসরে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে পাকিস্তানও চীনের সহায়তায় একাধিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করেছে।

বিশেষজ্ঞদের মতে, রূপপুর প্রকল্প শুধু দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়াবে না, একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতাও আরও শক্তিশালী করবে।

কালের আলো/এসএকে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, প্যাথোডিন ইনজেকশন গ্রহণের ১৮টি সিরিঞ্জ, ২৪টি সিরিঞ্জের সুই, ইয়াবা সেবনের আটটি ফয়েল পেপার, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের কর্ক, চার হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল ফোন, পাঁচটি নিষিদ্ধ লিফলেট, দুটি কার্ড, একটি পুরাতন বই, একটি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি গাঁজা সেবনের কলকী, একজন ভিকটিম, একটি ট্রাক, একটি প্রাইভেটকার, দুটি সিএনজি এবং ৩০টি চেতনানাশক অ্যান্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার এবং আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন নির্যাতনকারীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন  নির্যাতনকারীকে ছুরিকাঘাত

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নির্যাতনের শিকার দুই তরুণ হলেন নগরের বোয়ালিয়া থানার জোলাপাড়া লাইনপাড়া মহল্লার মো. মিজান (২৫) ও ষষ্ঠীতলা এলাকার তন্ময় তেওয়ারী (২৫)। গৌরহাঙ্গা এলাকার মাসুদ স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মাসুদ রানা তাঁদের গাছে বেঁধে পেটান। মাসুদ রানার বাড়ি নগরের সায়েরগাছা এলাকায়।

ছুরিকাঘাতে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর স্ত্রী শ্যামলী খাতুন বাদী হয়ে শুক্রবার বোয়ালিয়া থানায় মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসুদ স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন লোহার জিনিসপত্র প্রায়ই চুরি হয়। বৃহস্পতিবার রাতে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তন্ময় তেওয়ারীকে আটক করেন। পরে তন্ময় চুরির ঘটনায় জড়িত হিসেবে মিজানের নাম জানান। পরে মিজানকেও ধরে এনে তন্ময়ের সঙ্গে গাছে বেঁধে নির্যাতন করা হয়।

এ সময় গৌরহাঙ্গা এলাকার মো. আল-আমিন ওরফে রিমন (২২) ও মো. শুভ (২৩) নামের দুই যুবক বাধা দেন। তাঁরা মাসুদ রানার সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিমন পকেট থেকে একটি চাকু বের করে মাসুদ রানার পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে শিরোইল পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে রিমন ও তন্ময়কে আটক করে। এ সময় শুভ ও মিজান পালিয়ে যান। পরে মাসুদ রানাকে হাসপাতালে নেওয়া হয়।

দুই তরুণকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা নিজেও ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি বলেন, ‘নির্যাতনের ঘটনা জানা নেই। ছুরিকাঘাতের অভিযোগে দু’জনকে পুলিশে দিয়ে মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বিশ্বমানের উচ্চশিক্ষা আমাদের অঙ্গীকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
বিশ্বমানের উচ্চশিক্ষা আমাদের অঙ্গীকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বমানের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৪তম এফএসিডি-সিএবি (ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, অসীম সম্ভাবনার এক মঞ্চ’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ এক্সপো দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার অঙ্গীকারবদ্ধ।

তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

কালের আলো/আরডি/এমডিএইচ