সোনা-রুপার দামে বড় পতন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়া এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে।
বুধবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পরই সোনার দাম কমে যায়। এর আগে মঙ্গলবার মূল্যবান এই ধাতুর দাম দুই শতাংশের বেশি বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীরা সাধারণত সোনার মতো সুদবিহীন সম্পদে আগ্রহ কমিয়ে দেন। ফলে সোনার চাহিদা কমে গিয়ে দামেও নেতিবাচক প্রভাব পড়ে।
বুধবার স্পট মার্কেটে সোনার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৫ দশমিক ১২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম কমেছে ১ শতাংশ।
অন্যদিকে, রুপার বাজারেও একই প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৮ ডলারে নেমেছে। প্লাটিনামের দামও কমেছে, তবে প্যালাডিয়ামের দামে সামান্য উত্থান দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা বাড়ছে। এতে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মূল্যস্ফীতি কমার লক্ষণ দেখা গেলেও সুদের হার কমানোর বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আরও অর্থনৈতিক তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাজার এখন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক তথ্যের দিকে তাকিয়ে আছে। এসব তথ্যের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে সুদের হার ও মূল্যবান ধাতুর বাজারের গতিপথ।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array