Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:১৬ পিএম

পাহাড়সম খেলাপি ঋণ কমাতে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:১৬ পিএম

পাহাড়সম খেলাপি ঋণ কমাতে নতুন আইন

দেশের ব্যাংক খাতের বড় সংকট খেলাপি ঋণ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কিনে নেওয়া, আদায় করা এবং প্রয়োজনে জামানত বিক্রির সুযোগ রেখে ‘সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন’ (ডামা আইন) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে আইনের খসড়া প্রকাশ করেছে। সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পর চূড়ান্ত করা হবে আইনটি।

প্রস্তাবিত আইনের আওতায় গড়ে উঠবে বিশেষায়িত বেসরকারি কোম্পানি, যারা ব্যাংকের খেলাপি ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এসব প্রতিষ্ঠান ঋণ কিনে তা আদায়, পুনর্গঠন, জামানত ব্যবস্থাপনা এবং প্রয়োজন হলে সম্পদ বিক্রির কাজ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন, ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি, অবলোপন করা, পুনঃ তফসিল করা এবং আদালতের স্থগিতাদেশে থাকা ঋণসহ সংকটাপন্ন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৯১ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৬০ শতাংশ।

বর্তমানে ব্যাংকগুলো নিজেরাই খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করে অথবা অর্থঋণ আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা করে। তবে দীর্ঘসূত্রতা, আইনি জটিলতা ও দুর্বল পুনরুদ্ধার ব্যবস্থার কারণে বিপুল অর্থ বছরের পর বছর আটকে থাকছে। এতে ব্যাংকের নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমছে।

খসড়া আইনে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ইউনিট বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিকে লাইসেন্স দেবে, তাদের কার্যক্রম তদারক করবে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে পারবে।

প্রস্তাবিত ব্যবস্থায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো শুধু খেলাপি ঋণ কিনবে না; তারা ঋণ পুনর্গঠন, ব্যবসা পুনর্বিন্যাস, নতুন বিনিয়োগকারী আনা, ঋণকে শেয়ারে রূপান্তর, ব্যবসার অংশ বিক্রি বা ইজারা দেওয়ার মতো পদক্ষেপও নিতে পারবে।

এ ছাড়া নতুন আইনে ঋণ সেবাদাতা কোম্পানি (লোন সার্ভিসার) চালুর প্রস্তাব রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান ঋণগ্রহীতার সঙ্গে আলোচনা, পুনঃ তফসিল, সম্পদের মূল্যায়ন এবং ঋণ আদায়ে সহায়তা করবে।

খসড়া আইনে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির জন্য কঠোর শর্তও রাখা হয়েছে। কোম্পানিকে কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে, নির্ধারিত মূলধন থাকতে হবে এবং পরিচালনা পর্ষদের সদস্যদের ব্যাংকিং, অর্থনীতি, আইন বা সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ হতে হবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, আইনটি কার্যকর করতে হলে খেলাপি ঋণের বাজারভিত্তিক মূল্য নির্ধারণ, ঋণ হস্তান্তরের আইনি জটিলতা দূর করা এবং জামানত স্থানান্তরের ক্ষেত্রে স্পষ্ট আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে, আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ব্যাংকের স্থিতিপত্র থেকে দীর্ঘদিনের অচল ঋণ সরানো সম্ভব হবে। এতে ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে এবং দেশে খেলাপি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি নতুন বাজার তৈরি হতে পারে।

কালের আলো/এসএ

Link copied!