আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা
বাংলাদেশি জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই, ২০২৬) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের ঘোষণা দেন।
জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব রোজা ওতুনবায়েভার দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ইউএনএএমএর উপ-প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের অবদানেরও প্রশংসা করেন।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, রাবাব ফাতিমার সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তার দীর্ঘ কর্মজীবনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
এর আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ইউনিসেফ ও জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।
এ ছাড়া ২০২২ সালে তিনি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
রাবাব ফাতিমার নতুন দায়িত্বকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array