গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে পরিণতি সুখকর হবে না: ইসলামী আন্দোলন
জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেছেন, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল, যা আন্দোলনে নতুন গতি সঞ্চার করেছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই আন্দোলনের সময় দলের আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে শাহবাগে বিশাল মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৪৪ ধারা ভঙ্গ করে পুনরায় জনসমাগমের মাধ্যমে আন্দোলনের গতি আরও বেগবান হয়। ছাত্র-জনতার আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, জুলাই সনদে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাই বিএনপির উচিত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া। একই সঙ্গে জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকার যথাযথ মূল্যায়ন করারও আহ্বান জানাই।
সংবিধান সংস্কার প্রসঙ্গে আহমদ আবদুল কাইয়ূম বলেন, গতানুগতিক সংশোধনের পরিবর্তে জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে জনগণ মৌলিক সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই জনমত উপেক্ষা করে সরকার অন্য পথে এগোলে তা অদূরদর্শী সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ সৃষ্টি করে ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে এর বিরুদ্ধে জনমত আরও জোরালো হবে।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, আব্দুর রহমান, গোলামুর রহমান আজম, নাজিমুদ্দিন গাজী, হাফেজ সালাহউদ্দিন প্রমুখ।
সভায় আগামী ২৪ জুলাই নগর শূরা অধিবেশন এবং ২৫ জুলাই নগর সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array