বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ভরসা মেসি-মার্টিনেজ: হামজা চৌধুরী
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সাফল্যের চাবিকাঠি হবেন লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ—এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
‘বিকাশ প্রেজেন্টস দ্য ড্রিম কাপ উইথ হামজা’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে হামজা বলেন, আর্জেন্টিনার শক্তি শুধু অভিজ্ঞতা ও মানসম্মত খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়; দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি।
তিনি বলেন, “আর্জেন্টিনার দলে মাঠজুড়ে রয়েছে মানসম্পন্ন খেলোয়াড়, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনে গড়ে ওঠা জয়ের মানসিকতা। তবে ফাইনালের শেষ মুহূর্তে সবাই তাকিয়ে থাকবে একজনের দিকেই। লিওনেল মেসি দলকে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং প্রতিপক্ষের মনে ভয় তৈরি করার ক্ষমতা এনে দেন। আর্জেন্টিনা যদি আবারও বিশ্বকাপ জেতে, আমার বিশ্বাস সেই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তাদের অধিনায়ক।”
হামজা বলেন, ৩৯ বছর বয়সেও মেসির প্রভাব আগের মতোই অটুট। ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় সেমিফাইনালে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বড় মঞ্চে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য এখনো তার রয়েছে।
মেসির ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “দৃষ্টিভঙ্গি, ফুটবল বুদ্ধিমত্তা এবং অসাধারণ মুহূর্ত তৈরি করার ক্ষমতায় মেসি ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তার ক্যারিয়ার যেন রূপকথার মতো। তিনি প্রাকৃতিক প্রতিভা নিয়ে জন্মেছেন, কিন্তু শুধু প্রতিভা দিয়ে প্রায় দুই দশক বিশ্বের সেরা পর্যায়ে টিকে থাকা সম্ভব নয়।”
মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি হিসেবে উল্লেখ করেন হামজা। তার ভাষায়, “মার্টিনেজ বড় ম্যাচের গোলরক্ষক। মঞ্চ যত বড় হয়, তিনি তত বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সেভ করা কিংবা টাইব্রেকারে চাপ সামলানো—সব ক্ষেত্রেই তিনি শান্ত ও নির্ভীক।”
আর্জেন্টিনার দলীয় সমন্বয়কেও বিশেষ গুরুত্ব দিয়েছেন হামজা। তিনি বলেন, “এই দলের সবচেয়ে বড় শক্তি শুধু ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং দীর্ঘদিন একসঙ্গে খেলার কারণে খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া। তারা জানে কীভাবে বড় টুর্নামেন্ট জিততে হয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় তাদের ওপর চাপও বেশি, তবে সেই চাপ সামলানোর সক্ষমতা তারা আগেই প্রমাণ করেছে।”
১০৩ ম্যাচের পর ২০২৬ বিশ্বকাপের পর্দা নামছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মাধ্যমে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। হামজার বিশ্বাস, স্পেন দুর্দান্ত ছন্দে থাকলেও বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array