বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বর্ণিল আয়োজন রাজধানীজুড়ে
ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে রাজধানী ঢাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি থাকছে সংগীতানুষ্ঠান, ডিজে পারফরম্যান্স, নৃত্য, ফটোবুথ এবং দর্শকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। ফলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট এক রাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, রকশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাসসহ আরও অনেক শিল্পী পরিবেশনা করবেন। নৃত্য পরিবেশনার পর বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ফাইনাল। এ অনুষ্ঠানের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
একই দিনে ‘দ্য ফাইনাল হুইসেল’ নামে আরেকটি বিশেষ আয়োজন করেছে ব্ল্যাক এক্স ফোর্স। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলাসহ একাধিক শিল্পীর পরিবেশনার পাশাপাশি থাকবে ব্যান্ড দ্য ব্রাউন বিটস, জেসিয়া ইসলাম এবং ডিজে শো। দর্শকদের জন্য রাখা হয়েছে ফটোবুথ, বিভিন্ন গেমস ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা।
মিরপুর-১-এর এমআইএসটি টাওয়ার মাঠেও থাকছে বর্ণাঢ্য আয়োজন। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পরিবেশনার পাশাপাশি থাকবে আলোকসজ্জা, আতশবাজি, ফেস পেইন্টিং ও ফটো কর্নার। রাত ১টায় বড় পর্দায় সরাসরি দেখানো হবে ফাইনাল ম্যাচ।
এদিকে বনানীতে চলমান ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনও উৎসর্গ করা হয়েছে বিশ্বকাপ ফাইনালকে। সন্ধ্যার অনুষ্ঠানে পরিবেশনা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। তার পরিবেশনার পর বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল ম্যাচ। এ আয়োজনের প্রবেশমূল্যও রাখা হয়েছে ৭০০ টাকা।
শুধু বাণিজ্যিক আয়োজন নয়, রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানেও বড় পর্দায় ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে খেলা উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
এ ছাড়া রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলেও বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিশেষ আয়োজন রাখা হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা ও লেকশোর গ্র্যান্ডে অতিথিদের জন্য বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে এবার রাজধানীর বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। খেলা, সংগীত ও বিনোদনের সমন্বয়ে ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় এক রাতের অপেক্ষা এখন শুধু সময়ের।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array