‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’, ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির
বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আরেকটি শিরোপা জয়ের হাতছানি থাকলেও মেসির মতে, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস গড়ে ফেলেছে, যা কখনো মুছে ফেলা যাবে না।
ফাইনালের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মেসি লেখেন, “এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।”
সতীর্থ ও কোচিং স্টাফের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে এবং সেসব মানুষকে, যারা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।”
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, “আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।”
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিলেন মেসি। এরপর টানা দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছে আর্জেন্টিনা। এবার আরেকটি বিশ্বকাপ শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও মেসির কণ্ঠে ফুটে উঠেছে অর্জনের তৃপ্তি এবং দলের প্রতি গভীর ভালোবাসা।
৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত তিনি ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array