চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে সিআরবিতে ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব
চট্টগ্রাম নগরে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে গিয়ে দুই স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিআরবি এলাকায় এক ব্রাজিল সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা এবং ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব ছড়িয়ে পড়ায় দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রোববার রাতে ঘটে যাওয়া দুটি ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন ধাওয়া করছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগের গায়েই আর্জেন্টিনার জার্সি ছিল। একই এলাকায় আরও একজনকে ধাওয়া এবং পরে মারধরের দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শত শত দর্শক একসঙ্গে খেলা দেখেছেন। খেলা চলাকালে ছোটখাটো কথা-কাটাকাটি হতে পারে। তবে সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
অন্যদিকে নগরের ২ নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার সময় হঠাৎ দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শতাধিক দর্শক দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন এবং ঘটনাস্থলে প্লাস্টিকের চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খেলা চলাকালে একটি মোটরসাইকেল পড়ে যাওয়ার পর মারামারির গুজব ছড়িয়ে পড়ে। এতে দর্শকদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রকৃত ঘটনা জানালে দর্শকেরা আবার ফিরে এসে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেন।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনাতেই এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array