ইরানের হামলায় টানা দুই দিনে তিন মার্কিন সেনা নিহত
ইরানের হামলায় টানা দুই দিনে তিন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে একজন সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরানের হামলায় একজন মার্কিন সেনাসদস্য নিহত হন। এর আগের দিন জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। ওই হামলার পর থেকে একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। তাঁর বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের একটি হামলাকারী ড্রোন ভূপাতিত করার পর সেটিতে থাকা অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে ওই সেনাসদস্য নিহত হন। একই ঘটনায় আরও একজন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন।
পরে দেওয়া আরেক বিবৃতিতে সেন্টকম জানায়, জর্ডানে শুক্রবারের হামলার স্থান তল্লাশি করে অজ্ঞাতপরিচয়ের মানবদেহের কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। সেগুলো নিখোঁজ সেনাসদস্যের কি না, তা নিশ্চিত করতে ডিএনএসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে বিশ্বকাপ ফাইনাল দেখা শেষে রোববার ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নিহত সেনাসদস্যদের স্মরণে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর হামলা চালিয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা আজ রাতে আবার তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি এবং আমরা তা করেছি সম্ভবত তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।”
নিহত সেনাসদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, “আমরা খুবই ব্যথিত। যাঁরা মারা গেছেন, তাঁরা লড়াই করছিলেন, যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।”
এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার ভোররাতে ইরানের ওপর আরও এক দফা হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে কুয়েত জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ড্রোন প্রতিহত করছে।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সিরিয়ায় ‘শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র’ লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটিতে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সেন্টকম জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array