ট্রাম্পকে এড়িয়ে গেলেন আর্জেন্টিনার ডিফেন্ডার
বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলালেও ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোমেরো প্রথমে ইনফান্তিনোর সঙ্গে করমর্দন করেন। এরপর ট্রাম্পের সামনে দিয়ে গেলেও তাঁর সঙ্গে হাত মেলাননি। তবে আর্জেন্টিনা ও স্পেনের অন্য খেলোয়াড়রা ট্রাম্পকে স্বাভাবিকভাবেই শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প খেলোয়াড়দের পদক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত কথোপকথনও করেন। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।
ট্রফি হস্তান্তরের পর স্পেনের খেলোয়াড়রা উদ্যাপন শুরু করলেও ট্রাম্প কিছু সময় মঞ্চের মাঝখানেই দাঁড়িয়ে ছিলেন। ফলে চ্যাম্পিয়ন দলের ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক মুহূর্তের ছবিতেও তিনি ফ্রেমবন্দী হন।
পুরস্কার বিতরণীতে ট্রাম্পের উপস্থিতি আগে থেকেই নির্ধারিত ছিল। গত ২৩ জুন ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপ ট্রফি তাঁরা দুজন যৌথভাবে বিজয়ী দলের হাতে তুলে দেবেন। তবে আগের আসরগুলোতে এই দায়িত্ব সাধারণত ফিফা সভাপতিই পালন করতেন।
ট্রাম্পের এই ভূমিকা নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি মাঠে প্রবেশ করলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।
এবারের বিশ্বকাপে এটাই ছিল ট্রাম্পের প্রথম মাঠে উপস্থিতি। তবে টুর্নামেন্ট চলাকালেও তিনি বিতর্কে ছিলেন। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং এটি বিশ্বকাপের অন্যতম আলোচিত বিতর্কে পরিণত হয়।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array