খুঁজুন
                               
, ,
           

বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম

Oplus_131072

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে পারে—এমন ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম।

সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগামী আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার বা আগাম সরবরাহ মূল্য আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।

জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর ওয়াশিংটন জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, আমেরিকার মিত্র দেশগুলো জানিয়েছে, রোববারও এই অঞ্চলে নতুন করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুই পরাশক্তির এই যুদ্ধংদেহী মনোভাবের কারণেই বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সাপ্তাহিক ছুটির দিনে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নাটকীয়ভাবে বাড়ায় উভয় পক্ষের মধ্যে অল-আউট বা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর গভীর আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির সমন্বিত অতি মারাত্মক ঝুঁকি বা ‘স্ট্যাগফ্লেশন’ নিয়ে বাজারে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ এতে সোনা ধরে রাখার সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট অনেকটাই বৃদ্ধি পায়।

কেলভিন ওং আরও বলেন, দীর্ঘমেয়াদে সোনার বিশ্ববাজার নিয়ে তিনি আপাতত বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে তিনি বলেন, ৩ হাজার ৮৮৬ ডলারের স্তরটি এখন সোনার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে কোনো কারণে এই স্তরের নিচে সোনার দাম নেমে গেলে তা দ্রুত আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এদিকে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম আজ ১ দশমিক ৯ শতাংশ লাফিয়ে বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলার। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে নেমেছে ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে।

কালের আলো/এসএকে

আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় থেকেই এ পদমর্যাদা কার্যকর হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি মো. দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২ নম্বরের এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালের আলো/এমএসআইপি/এএইচ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি