খুঁজুন
                               
, ,
           

ঢাকার যে যে এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
ঢাকার যে যে এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরোনো ও লিকেজ থাকা পাইপলাইন পরিবর্তনের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের গ্রাহকই গ্যাস সংকটে পড়বেন।

তিতাস গ্যাস জানিয়েছে, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় পুরোনো ও লিকেজ থাকা বিতরণ পাইপলাইন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণেই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

এ ছাড়া রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস।

কালের আলো/এসএ

মাত্র ৮ মিনিটে ডুবল জাহাজ, নিখোঁজ বাংলাদেশিসহ ২২ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
মাত্র ৮ মিনিটে ডুবল জাহাজ, নিখোঁজ বাংলাদেশিসহ ২২ নাবিক

ভারতের ওডিশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার তিন দিন পরও নিখোঁজ রয়েছেন ২২ নাবিক। নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টারও অভিযান চালাচ্ছে।

পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার নামের জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উদ্ধারকারী দল ঘটনাস্থলের কাছ থেকে একটি লাইফবোট ও জরুরি বিপদসংকেত পাঠানোর যন্ত্র (ইপিআইআরবি) উদ্ধার করে। তবে লাইফবোটে কোনো নাবিককে পাওয়া যায়নি।

কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে জাহাজ ও বিমান দিয়ে বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। চীনও দুটি বাণিজ্যিক জাহাজ পাঠিয়ে উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটির ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ওডিশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দূরে ডুবে যায়। প্রথমে একদিকে কাত হয়ে পড়ার পর মাত্র আট মিনিটের মধ্যেই জাহাজটি সাগরে তলিয়ে যায়।

জাহাজটিতে ৭২ হাজার টনের বেশি লৌহ আকরিক ছিল। ওডিশা থেকে এসব আকরিক চীনে নেওয়া হচ্ছিল। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বিরোধী দলের নাম পেলেই সংসদীয় কমিটি চূড়ান্ত: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
বিরোধী দলের নাম পেলেই সংসদীয় কমিটি চূড়ান্ত: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে।

বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসদীয় কমিটি, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।

সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে তিনি বলেন, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তাঁরা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বজায় রাখবেন। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং তাঁদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি কিংবা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ। জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে যে অঙ্গীকারে স্বাক্ষর করেছে, তার প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপি থেকে ৭ জন এবং জামায়াত থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ছোট দল থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের সদস্যদের নাম দিলে তাঁদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণ হিসেবে তিনি ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধনের বিষয়টি উল্লেখ করেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো বিরোধী দলের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল জনগণের সমস্যা ও দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরবে এবং আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধানের পথ বের করবে।

চিফ হুইপ বলেন, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সরকারের ছয় মাসের মেয়াদে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করে চিফ হুইপ বলেন, বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি বলেন, সবকিছু অনুকূলে থাকলেও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ন্যূনতম দুই বছর সময় লাগে।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বড় অবকাঠামোগত সমস্যার সমাধানে সময় প্রয়োজন। তাই জনগণকে ধৈর্য ধরতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।

বিদ্যুৎ খাতের চুক্তি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে করা বিভিন্ন চুক্তি দেশের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দায় সৃষ্টি করেছে। তাঁর অভিযোগ, দায়মুক্তির ব্যবস্থা রেখে এমন আইন করা হয়েছিল, যার ফলে এসব চুক্তির বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত। বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পরিশোধের কারণে জনগণের অর্থের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

এর আগে মঙ্গলবার বিকেলে আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।

কালের আলো/আরডি/এমডিএইচ