২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের পরাজয়ে যেখানে হতাশ সমর্থকেরা, সেখানে ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
রোববার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, ছাদে দাঁড়িয়ে আতশবাজি ফোটাচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে কেয়া লেখেন, “ভাবছিলাম জিতলে ফুটাবো, কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি।”
শুধু তাই নয়, পোস্টের মন্তব্যের ঘরেও নিজের রসবোধের পরিচয় দেন কেয়া। এক মন্তব্যে তিনি মজা করে লেখেন, “আজকে খেলিনাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।”
কেয়া পায়েল আর্জেন্টিনা দলের সমর্থক। প্রিয় দলের বিশ্বকাপ জয় উদযাপনের জন্য আগেই আতশবাজি কিনে রেখেছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেগুলো নষ্ট না করে শেষ পর্যন্ত আতশবাজি ফুটিয়ে উদযাপন করেন এই অভিনেত্রী।
ভিডিও প্রকাশের পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কেয়ার রসবোধের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে মন্তব্যও করেছেন।
বিশ্বকাপ ফাইনালের পর সমর্থকদের নানা আবেগঘন প্রতিক্রিয়ার মধ্যে কেয়া পায়েলের এই ব্যতিক্রমী উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কালের আলো/এসএ
