খুঁজুন
                               
, ,
           

ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে ফ্রান্সের সমাপ্তি ঘটেছে দেশম জুগের। তবে বিশ্বকাপ শেষে দল দেশে ফিরতেই জিনেদিন জিদানকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।

ইতোমধ্যে জিদানের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ট্রান্সফার মার্কেটের বিখ্যাত এ সাংবাদিকের দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। চুক্তিটি দীর্ঘমেয়াদি বলে জানিয়েছেন রোমানো।

রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্বে কাজ শুরু করবেন।

রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফরাসি কিংবদন্তির দায়িত্ব নেওয়ার খবরটি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন।

তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে বিরল এক কীর্তি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর ধরে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে বিভিন্ন সময়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে জিদানের অধীনে এখন নতুন যুগ শুরু করতে যাচ্ছে ফ্রান্স।

আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে দল গঠন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং শিরোপার লড়াইয়ে ফ্রান্সকে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ থাকবে কিংবদন্তি জিদানের সামনে।

কালের আলো/এসএকে

প্রধানমন্ত্রী পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। ‌শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে।

তাদের নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির ওপর গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আরো উন্নত প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন প্রজন্মকে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এজন্য প্রধানমন্ত্রীও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন।

তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে বিনামূল্যে স্কুল ড্রেস দিতে যাচ্ছে। এছাড়া, মিড-ডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব না। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সামনের দিনে প্রাথমিক কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানো হবে, সাথে সুবিধাও বাড়ানো হবে। আগামী দিনে বেসরকারি স্কুলও আপনাদের নজরদারিতে আসবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক স্কুলের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন কর্মব্যস্ততায় কাটল আইজিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন কর্মব্যস্ততায় কাটল আইজিপির
থাইল্যান্ডের ব্যাংককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর থেকে কর্মব্যস্ত কাটিয়েছন বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২১ জুলাই) ছিল এই সম্মেলনের শেষ দিন। এদিনটিও তার কর্মব্যস্ততায় অতিবাহিত হয়েছে।

pic-পুলিশ সদর দফতর জানিয়েছে, তিনি সম্মেলনে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন। রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই (২০-২১ জুলাই) দিনব্যাপী এ সম্মেলন আজ মঙ্গলবার শেষ হয়েছে।

সম্মেলনে এফবিআইয়ের ডিরেক্টর ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ দেশের পুলিশ প্রধানসহ ১০৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

কালের আলো/এম/এএইচ

মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

Oplus_131072

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ( ২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপির সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে তৃণমূল পর্যায়ের সকল মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সকল পর্যায়ের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান।

এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।

কালের আলো/এসএকে