খুঁজুন
                               
, ,
           

ইরানে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ইরানে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের পেছনে এখন পর্যন্ত সরকারিভাবে মোট ৩৭.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে হেগসেথ এই হিসাব নিশ্চিত করেন।

সেখানে তিনি ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উভয়েই ১.৫ ট্রিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা বাজেট অনুমোদনের অনুরোধ নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এর মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধের জন্যই প্রায় ৭০ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

তা সত্ত্বেও এই অঙ্কটি অন্য অনেক অনুমানের তুলনায় বেশ কম; বিশেষ করে সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর যুদ্ধের অতিরিক্ত খরচগুলোর প্রভাব হিসাব করলে এই ব্যবধান আরও বেশি বোঝা যায়। উদাহরণস্বরূপ, মুডিস অ্যানালিটিকস অনুমান করেছে, মার্কিন জ্বালানির দাম বৃদ্ধির মতো বিষয়গুলো বিবেচনায় নিলে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে খরচ ১৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিনের প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, আজ পর্যন্ত আমাদের হাতে থাকা হিসাব অনুযায়ী যুদ্ধের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার।

তিনি আরও জানান, এই মূল্যের মধ্যে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপারেশন ও রক্ষণাবেক্ষণের কিছু খরচ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। সর্বশেষ এই হিসাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গত মে মাসে প্রকাশ করা ২৯ বিলিয়ন ডলারের আগের পরিসংখ্যানের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি।

গত ১৭ জুন থেকে হামলা বন্ধ রাখার একটি সমঝোতা স্মারক গত সপ্তাহে ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লড়াই পুনরায় তীব্র আকার ধারণ করে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হেগসেথ কমিটির সামনে হাজির হন।

গত সোমবার মার্কিন হামলা অব্যাহত থাকার দশম রাতের ঠিক আগে ট্রাম্প জানান, সপ্তাহান্তে আরও দুই মার্কিন সেনা নিহত হওয়ার মূল্য দিতে হবে ইরানকে।

গত এক সপ্তাহে ট্রাম্প ইরানে জ্বালানি প্ল্যান্ট ও সেতুগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন, ইরানের খার্গ দ্বীপ দখল করতে পদাতিক সেনা পাঠানোর কথা বলেছেন, এবং ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে একটি ভূগর্ভস্থ পরমাণু-সংলগ্ন সাইটে বোমা হামলার হুমকি দিয়েছেন।

সংঘাতের ক্ষেত্রে দরকষাকষির মূল হাতিয়ার হিসেবে ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব বিস্তারের জন্য যেসব স্থান ব্যবহার করে, মার্কিন হামলা এখন পর্যন্ত মূলত সেই জায়গাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে।

এদিকে ইরানও এই অঞ্চলে মার্কিন স্থাপনা ও সম্পদগুলোতে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। সম্প্রতি কুয়েতে শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে এবং বাহরাইন ও জর্ডানের অন্যান্য স্থানেও আঘাত হানা হয়েছে। এছাড়া ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুথিরাও সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে।

শুনানির শুরুতে দেওয়া বক্তব্যে হেগসেথ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধের কারণে মার্কিন অস্ত্রের মজুত ফুরিয়ে আসার চাপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, উচ্চ চাহিদাসম্পন্ন অস্ত্রশস্ত্রের উৎপাদন লাইন প্রসারিত করতে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তহবিলের প্রয়োজন। আমরা সলিড মোটর রকেট, জেডিএএম (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মুনিশন), হাইপারসনিক এবং ড্রোন প্রতিরোধী সক্ষমতার কথা বলছি।

পেন্টাগন প্রধান যুদ্ধের কারণে আসন্ন বাজেট ঘাটতির প্রতি ইঙ্গিত করে বলেন, আমাদের বাজেটের চাহিদা যদি দ্রুত এবং সঠিকভাবে পূরণ না করা হয়, তবে ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম কমিয়ে আনতে হবে। হ্যাঁ, এর কিছু অংশ বর্তমান বাজেট চক্র এবং বিষয়গুলো যেভাবে সামনে আসছে তার সঙ্গে জড়িত।

সূত্র: আল জাজিরা

কালের আলো/এসআর/এএএন

শুক্রবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
শুক্রবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: রয়টার্স

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। ওই আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা।সম্প্রতি সেখান থেকে তিনি ফিরে আসার ঘোষণা দেন।

রয়টার্স বলছে, তার ওই ঘোষণার পর সরকারের উচ্চপদগুলোতে থাকা হাসিনার দোসরদের অপসারণের জন্য জনমনে চাপ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও পদটি মূলত আলংকারিক।

মুসলিমপ্রধান বাংলাদেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছরের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর সাহাবুদ্দিনের পদটি বিশেষ গুরুত্ব লাভ করে। ২০২৩ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের (যা এখন নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হয়েছিলেন ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন।

দুটি সূত্র জানিয়েছে, তিনি এখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, সাহাবুদ্দিন গত মঙ্গলবার (২১ জুলাই) তারেক রহমানকে এ বিষয়ে জানান এবং শুক্রবার একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে তিন সূত্রই নিজেদের পরিচয় প্রকাশ করতে চায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য বারবার ফোন ও বার্তা পাঠানো হলেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাড়া দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

রয়টার্স বলছে, সরকারের মুখপাত্ররাও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

সূত্রগুলো জানিয়েছে, স্থায়ীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

শেখ হাসিনা চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরের দিকে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার 

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালের আলো/এসএকে

জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে: গোলাম পরওয়ার

দিনাজপুর প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের পরও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘দেশে এখন বড় সংকট হলো-জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতির সঙ্গে যে কথা দিয়েছিল, তারা সে কথা রাখেনি। এ কারণে মানুষকে আবারো রাজপথে নামতে হবে।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘বিএনপি বলে, সংবিধানের বাইরে কিছু করা যাবে না। কিন্তু যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনও তো সংবিধান অনুযায়ী হয়নি।’

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর সদর আসনের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জাগপার সহ-সভাপতি প্রকৌশলি রাশেদ প্রধান।

কালের আলো/আরডি/এমডিএইচ