খুঁজুন
                               
, ,
           

বিশ্ব পর্যটন দিবসে থাকছে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
বিশ্ব পর্যটন দিবসে থাকছে দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এবার দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও একযোগে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন।’

মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী হবে। তাছাড়া জেলা পর্যায়ে একই সময়ে উদযাপনের ক্ষেত্রেও ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরো বলেন, এবার অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা। সেলক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চান মন্ত্রী।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে প্রস্তুতকরা টিভিসি থাকবে। তাছাড়া, বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনদিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকায় এটি তার প্রথম সফর।

সফরের প্রথমদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এই বৈঠকের পর বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গরের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল। তারা উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধিদলের সামনে স্বদেশে ফেরার আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা অব্যাহত থাকবে।

কালের আলো/এসএকে

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু, নিয়ম জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু, নিয়ম জেনে নিন

Oplus_131072

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

যেসব বিষয়ে আবেদন করা যাবে— ১. বয়স্ক ভাতা; ২.বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; ৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি; ৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি; ৫. বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট।

আবেদন যেভাবে— ১ থেকে ৪ নম্বর পর্যন্ত বিষয়ের জন্য এই লিংকে dss.bhata.gov.bd/online-application আবেদন করতে হবে। আর ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য এই লিংকে https://mswservices.gov.bd/auth/login আবেদন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।

এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের আওতা হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত ৫টি বিষয়ে ভাতা ও উপবৃত্তি কার্যক্রমসমূহে আবেদন করা যাবে।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ তথ্যাদিসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।

এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রমে কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।

কালের আলো/এসএকে