একটি পোস্ট, একটি গাছ: সবুজ বাংলাদেশ গড়তে প্রতিমন্ত্রীর উদ্যোগী বার্তা
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষ রোপণ করুন। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে।
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, নদী ও গাছের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই নদীর তীরবর্তী এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে।
গাছ পরিবেশের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। ফলে সুস্থ পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসকে/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array