খুঁজুন
                               
, ,
           

৫০০ শিক্ষার্থীকে বৃত্তি-ক্রেস্ট-সনদপত্র দিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি-ক্রেস্ট-সনদপত্র দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এ সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন ।

টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে।

টাঙ্গাইলের শিশুদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, শিশুরা যাতে ভালো খেলার মাঠ পায় এবং সুস্থ বিনোদনের সুযোগ পায়, সে লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো অনিয়মের বিষয়ে আপনারা আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু চলবে না। নিয়ম মেনেই সবাইকে চলতে হবে। এই শহর আমাদের সবার। সবাইকে সঙ্গে নিয়ে আমি একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে চাই।

পরে অনুষ্ঠানে ৫০০ কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিলো আইইডি বোমা : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিলো আইইডি বোমা : ডিএমপি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

নিয়াজ মেহেদী জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহ হওয়ায় ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পান তারা। পরে সঙ্গে সঙ্গে পুরো এলাকা কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়।

তিনি বলেন, খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাটিতে কোনো ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বস্তুটির প্রকৃত উৎস এবং ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

কাফরুলে গুলিতে যুবদলকর্মী নিহত, ২ পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
কাফরুলে গুলিতে যুবদলকর্মী নিহত, ২ পথচারী আহত

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পথচারী।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলীকে রাজনৈতিক সহযোদ্ধা পরিচয় দেওয়া মামুন মিয়া নামে হাসপাতালে একজন সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো রাতে তারা কাফরুল ই-ব্লকের ১ ও ২ নম্বর লিংক রোডে ওপেক্স গার্মেন্টসের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন।

এসময় ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পাশ দিয়ে কয়েকবার ঘোরাঘুরি করে। একপর্যায়ে ইউসুফ তাদের পরিচয় জানতে চাইলে তারা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, গুলির পর আশপাশের লোকজনকে নিয়ে হামলাকারীদের ধাওয়া করা হয়। পরে ঘটনাস্থলে ফিরে এসে দেখা যায়, ইউসুফ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।

এছাড়া দুই পথচারীও গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে ইউসুফকে মৃত ঘোষণা করেন।

মামুন মিয়ার দাবি, ইউসুফ আলী আগে কাফরুল থানা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তার বাড়ি কাফরুলের পশ্চিম বাইশটেকি এলাকায়। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল গ্রামে।

আহতরা হলেন– নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। নালাম সরদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা, তিনি ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। নালাম মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন। মনির হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা, তিনি ফুটপাতে কাপড় ব্যবসা করেন। মনির বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফের মৃত্যুর তথ্য জানান। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল বলেন, গুলির ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে কাফরুল থানার একটি সূত্র জানিয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রাষ্ট্রপতির পদ শূন্য

৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

রাষ্ট্রপতির পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে।

বিদায়ী রাষ্ট্রপতি ২৪ জুলাই পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়।

ইসির সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন। বিদ্যমান সাংবিধানিক নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। সে অনুযায়ী ইসি দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরি করে তা চূড়ান্ত করবে।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, ভোটার তালিকা চূড়ান্ত করার পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনা করা হবে অনেকটা সংরক্ষিত নারী আসনের পদ্ধতির মতো। প্রার্থী একাধিক হলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায়, আগামী রোববার বা তার পরবর্তী দিনগুলোতে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে ইসি।

খুব দ্রুত সময়ের মধ্যেই দেশবাসী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানতে পারবে বলে জানিয়েছে কমিশন।

কালের আলো/জেএন/এমএসআইপি