খুঁজুন
                               
, ,
           

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানানো হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন। এ সময় আগের দিন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১২ কর্মকর্তাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, গতকাল সরকারের বিভিন্ন সংস্থায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাম্প্রতিক আন্দোলনে দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আজ যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোনো অবস্থাতেই নিজেদের নীতি বিক্রি করবেন না এবং কখনোই মাথানত করবেন না।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, বিগত চার মাসে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার সমাজকল্যাণমূলক অসংখ্য কাজ হাতে নিয়েছেন এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে ট্রিলিয়ন ডলারের যে যুগান্তকারী অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, তার মাধ্যমে এ দেশের তরুণ সমাজকে নতুন করে কাজে লাগানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এসময় দলের নেতাকর্মী ও যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রিজভী।

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, আমরা সেটা বিশ্বাস করতে চাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগী রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সে বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম পরবর্তীতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আপাতদৃষ্টিতে, তিনি মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন।

এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন সামসুল আলম।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হয়েছেন সালাহউদ্দিন সরকার এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন মামুন হাসান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে কামরুজ্জামান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে জাকির সিদ্দিকি এবং বিসিকের চেয়ারম্যান পদে বেনজীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার পাঁচটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করতে হবে।

শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও একই সুযোগ পাবেন।

এ জন্য আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে কেন্দ্রগুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

নিহত ৪৩ সাংবাদিকের হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
নিহত ৪৩ সাংবাদিকের হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক সাগর-রুনি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম, শেলু আকন্দসহ বিভিন্ন সময়ে নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা সব নিহত সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা ও হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনায় দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি।

বছরের পর বছর আলোচিত বহু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে।

এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য রাজু আহমেদ। মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশারমানুষ অংশ নেন।

কালের আলো/জেএন/এমএসআইপি

পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির নতুন গন্তব্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির নতুন গন্তব্য: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের অর্থনীতির আরেকটি সম্ভাবনাময় গন্তব্য। এ লক্ষ্য পূরণে সেমিকন্ডাক্টর শিল্পের সব ধরনের কাঁচামালের ওপর শুল্ক প্রত্যাহার এবং রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এ আয়োজনকে ‘আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর। মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চায় সরকার।

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেই চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি তৈরি করেছে। সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্প নয়, এটি আধুনিক সভ্যতার ভিত্তি। মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট-সবকিছুর কেন্দ্রেই রয়েছে মাইক্রোচিপ।

তিনি বলেন, ২০২৬ সালের মধ্যেই বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এ বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে অপার সুযোগ রয়েছে। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশ তা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিকন্ডাক্টর খাতকে একটি ‘সম্মিলিত জাতীয় মিশন’ ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চলতি বাজেটে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ডিজাইন সার্ভিস রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ রাখা হয়েছে। এরই মধ্যে কয়েকটি অনুদান বিতরণও করা হয়েছে।

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগবান্ধব নীতি, কর ও বন্ড-সুবিধা প্রদান এবং ওয়ান-স্টপ সার্ভিস আরও কার্যকর করতে সরকার কাজ করছে। বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত তিন হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর পেশাজীবীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে থাকা এসব বিশ্বস্বীকৃত মেধাবীকে দেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। সম্প্রতি বিদেশে আয়োজিত রোডশোগুলোর প্রশংসা করে তিনি বলেন, শুধু রোডশো নয়, বরং ফলোআপ, অংশীদারত্ব, বিনিয়োগ, প্রশিক্ষণ ও রপ্তানির সুযোগকে বাস্তবে রূপ দিতে হবে।

দক্ষতার ঘাটতি, ল্যাব ও বিনিয়োগের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সব সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা আমাদের রয়েছে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাধ্যের সবটুকু দিয়ে বর্তমান সরকার পাশে থাকবে।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত এবং প্রবাসী পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দিনের এ সামিট থেকে নতুন অংশীদারত্ব ও উদ্ভাবনী চিন্তার জন্ম হবে, যা দেশের প্রযুক্তি খাতকে আরও একধাপ এগিয়ে নেবে। পরে তিনি সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি