খুঁজুন
                               
, ,
           

আন্দোলন এখনো শেষ হয়নি, আরও ২টি দাবি আছে: ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
আন্দোলন এখনো শেষ হয়নি, আরও ২টি দাবি আছে: ককরোচ পার্টি

ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে তার পদত্যাগ কেবল একটি আংশিক বিজয়, আন্দোলন এখনো শেষ হয়নি বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। তাদের বাকি ২টি দাবি সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুশিঁয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দিল্লির যন্তর মন্তরের মূল মঞ্চ থেকে এই ঘোষণা করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির কারণে চরম হতাশায় ভুগে ভারতের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবার কি ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়া উচিত নয়? তাদের পাওয়া উচিত, তাই না? ঐ সমস্ত পরিবার ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, গত ২০ জুলাই যে পুলিশকর্মীরা শিক্ষার্থীদের গুন্ডার মতো আচরণ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

কালের আলো/আরডি/এমডিএইচ

সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও রাষ্ট্রপতির পদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) জারি করা দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালের আলো/এসআর/এএএন

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর ভূমিকা এবং বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসাবশত দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছি।

মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দুটি স্পষ্ট ব্যতিক্রমের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ধর্ষণের মামলা যতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হোক না কেন, তা প্রত্যাহারের আওতায় আনা হবে না।

অন্যদিকে, মাদকের মামলাগুলো বিরোধীদের হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল কি না, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন দুটির চূড়ান্ত খসড়া প্রণয়নের আগে সুশীল সমাজ, আইন প্রয়োগকারী সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে তিন দফা মতবিনিময় সম্পন্ন হয়েছে।

বিল দুটি ইতোমধ্যে মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দ্রুত জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল কাগজে-কলমে নিশ্চিত করা সম্ভব নয়; স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য, দক্ষ ও সৎ বিচারক নিয়োগের মাধ্যমেই প্রকৃত স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় বিচার বিভাগের নীরবতার তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। পাশাপাশি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, নৈরাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষাংশে আইনমন্ত্রী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় চেয়ে বলেন, ‘আমরা ভুল করলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা তা সাদরে গ্রহণ করব।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ কিংবা মৌলবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, এমন কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব না।’

অধিকারের সভাপতি ড. তাসমিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অধিকারের পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলান প্রমুখ বক্তব্য দেন।

কালের আলো/এসকে/এমএসআইপি