খুঁজুন
                               
, ,
           

এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

বিশ্বকাপ ফাইনাল শেষে দীর্ঘ ক্লান্তিকর মৌসুম বিবেচনায় আগামী সপ্তাহের মেজর লিগ সকার অল-স্টার গেমে লিওনেল মেসির অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে না। শনিবার (২৫ জুলাই) এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইন্টার মায়ামির এই মহাতারকাকে অল-স্টার প্রদর্শনীতে না খেলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সাধারণত এমএলএস অল-স্টার গেমে মনোনীত খেলোয়াড়দের অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং চোট ছাড়া বাদ পড়ার উপায় থাকে না। তবে চলতি মৌসুমে বিশ্বকাপের কারণে সাত সপ্তাহের বিরতি থাকায় আগেভাগেই খেলোয়াড় সংস্থার সাথে চুক্তি করে নেয় এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ২০২৬ মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপের শেষপর্যায়ে পৌঁছানো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ক্লাবগুলো তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই সমঝোতার ভিত্তিতেই রদ্রিগো দে পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেম থেকে ছাড় দেওয়া হয়েছে।

গত রবিবারে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে খেলেছিলেন দে পলও।

গত বছর অল-স্টার গেমে অংশ না নেওয়ার শেষ মুহূর্তে সিদ্ধান্তের কারণে মেসি এবং তাঁর তৎকালীন মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস, যা নিয়ে বেশ চটেছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্জে মাস। তবে এবার লিগ কমিশনার ডন গার্বারের প্রতিশ্রুতি অনুযায়ী নীতিতে নমনীয়তা এনে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে আয়োজিত এই অল-স্টার গেমে এমএলএস-এর সেরা তারকারা মুখোমুখি হবেন মেক্সিকোর লিগা-এমএক্স অল-স্টারদের বিরুদ্ধে। মেসির অনুপস্থিতিতে এমএলএস দলের হয়ে মাঠে মাতাবেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের টমাস মুলার এবং স্বাগতিক দল শার্লটের ইউএসএ অধিনায়ক টিম রিম।

কালের আলো/আরডি/এমডিএইচ

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামী ও ভাগনির পর মারা গেলেন ফাহিমাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামী ও ভাগনির পর মারা গেলেন ফাহিমাও

রাজধানীর ভাটারায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ফাহিমা আক্তারও (২১) মারা গেছেন। এর আগে এ ঘটনায় তার স্বামী শাহীন (২৪) ও ভাগনি হাফছা (৪) মারা যান। এ নিয়ে দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাটারায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ ফাহিমা শনিবার রাত ১১টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

ডা. শাওন বিন রহমান বলেন, এর আগে ফাহিমার স্বামী শাহীন ও ভাগনি হাফছাও আইসিইউতে মারা যান। শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের এক ভাগনি দগ্ধ হন। পরে দগ্ধ তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শাহীনের প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে ভাটারা থানার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাসার নিচতলায় থাকতেন। মঙ্গলবার ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেজ থেকে তাদের বাসায় বিস্ফোরণ হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে।

এর ফলে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক তীব্র গ্যাস সংকটের মুখে পড়েছেন।

রোববার (২৬ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এতে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে।এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

একই সঙ্গে কারিগরি ত্রুটি নিরসন ও সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে

কালের আলো/জেএন/এমএসআইপি

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

কক্সবাজারের টেকনাফে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হকের হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে এই প্রতিবেদন দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর বিচারবহির্ভূত ওই হত্যাকাণ্ডটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। মাদক উদ্ধার অভিযানে কাউন্সিলর একরাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন বলে দাবি করা হলেও পরবর্তীতে হত্যাকাণ্ডের সময় স্ত্রীর সঙ্গে একরামুলের মুঠোফোনের কলরেকর্ড প্রকাশের পর কথিত বন্দুকযুদ্ধের এই সাজানো ঘটনা ফাঁস হয়ে যায় এবং দেশে বিদেশে এঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেই কলরেকর্ডের একপর্যায়ে একরামের মেয়েকে বলতে শোনা গিয়েছিল, ‘আব্বু, তুমি কানতেছ যে।’ এর পর শোনা যায় গুলির শব্দ, শোরগোল। সরাসরি কলরেকর্ডে একরাম হত্যার নির্মম সাক্ষী হয়েছিল তার পরিবার। কিন্তু সেসময় ঘটনায় জড়িত বাহিনী ও সরকারের কয়েকজন মন্ত্রীর সরাসরি হুমকির কারণে পরিবার বিচার চাইতে পারেনি, করতে পারেনি কোন মামলা।

চব্বিশ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একরাম হত্যার বিষয়টি আবারও আলোচনায় আসে। পরিবারের পক্ষ থেকেও নতুন করে বিচারের দাবি ও মামলার কথা জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি