খুঁজুন
                               
, ,
           

হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষুব্ধ কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি হোয়াইট হাউসের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানে সামরিক হামলা-সংক্রান্ত একটি ভিডিওতে তাঁর জনপ্রিয় গান ‘Firework’ ব্যবহার করায় তিনি তীব্র আপত্তি জানিয়েছেন। কেটির দাবি, এ ব্যবহারের জন্য তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এর সঙ্গে কোনোভাবেই একমত নন।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে সামরিক হামলার দৃশ্য দেখানো হয়। ভিডিওটির পটভূমিতে বাজছিল কেটি পেরির ২০১০ সালের জনপ্রিয় গান ‘Firework’। গানের ‘Boom, boom, boom’ অংশটি বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘Iran was warned.’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কেটি পেরি বলেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে তাঁর গান সামরিক হামলার ভিডিওতে ব্যবহার হতে দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি জানান, এ ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি এবং তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

তিনি আরও বলেন, ‘Firework’ গানটি তিনি লিখেছিলেন মানুষের জীবনের কঠিন সময়ে আশা, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে। তাঁর ভাষায়, এমন একটি গানকে ধ্বংস ও সহিংসতার পটভূমিতে ব্যবহার করা গানের মূল বার্তার সম্পূর্ণ পরিপন্থী। তাঁর মতে, এই গান মানুষকে একত্র করার জন্য, যুদ্ধকে উদ্‌যাপন করার জন্য নয়।

উল্লেখ্য, রাজনৈতিক প্রচারণা বা সরকারি ভিডিওতে গান ব্যবহারের প্রতিবাদ জানানো কেটি পেরিই প্রথম নন। এর আগে আরিয়ানা গ্রান্দে, সাবরিনা কার্পেন্টার, অলিভিয়া রদ্রিগো, সেলিন ডিওন, নিল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা বা বিভিন্ন ভিডিওতে তাঁদের গান ব্যবহারের বিরোধিতা করেছিলেন।

এদিকে কেটি পেরি তাঁর নতুন কনসার্ট চলচ্চিত্র ‘The Lifetimes Tour from Paris’-এর ঘোষণাও দিয়েছেন। প্যারিসে অনুষ্ঠিত তাঁর ‘Lifetimes Tour’-এর একটি পরিবেশনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিভিন্ন দেশে মুক্তির তারিখ পরে জানানো হবে।

কালের আলো/এসএ

হরমুজে চলাচলকারী জাহাজে নতুন ফি আরোপের পথে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
হরমুজে চলাচলকারী জাহাজে নতুন ফি আরোপের পথে ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি নেওয়ার বিধান রেখে খসড়া আইনের একটি ধারা অনুমোদন করেছে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত খসড়া আইনের তৃতীয় ধারায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি আদায়ের বিধান রাখা হয়েছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। ইরানি মুদ্রা রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় এ অর্থ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিজস্ব নিয়ম ও পরিস্থিতি রয়েছে। খসড়া আইন তৈরির সময় প্রণালির তীরবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে চলমান সংঘাতে ‘নতুন পর্যায়’ শুরু হতে পারে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।

কালের আলো/এমএসআইপি

জুলাই-জুন নয়, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
জুলাই-জুন নয়, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় রূপরেখা ও কর্মপন্থা নির্ধারণে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর প্রয়োজনীয় সংশোধনী পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন এবং বাস্তবায়ন কর্মপন্থাও নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশে জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে ধরা হয়। তবে সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। অর্থাৎ ২০২৮ সালের ১ এপ্রিল থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে গণনা করা হবে।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
হুমায়ুন কবির ও শামা ওবায়েদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে তারা দায়িত্ব পালন করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।

দায়িত্ব অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয়ে কাজ করবেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে দুই প্রতিমন্ত্রীর কাজের ক্ষেত্র নির্দিষ্ট করা হলো।

কালের আলো/এমএসআইপি